Friday, September 18, 2026
কৃষিকে এগিয়ে নিতে দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান ইউজিসি সদস্য ড. মাছুমা হাবিবের
17, Sep 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

এগ্রিলাইফ২৪ ডটকম: দেশের কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব।

তিনি বলেন, কৃষির উৎপাদনশীলতা বাড়াতে গবেষণা ও উদ্ভাবনের পাশাপাশি শিক্ষার্থীদের কর্মোপযোগী দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা ও সমালোচনামূলক চিন্তাশক্তি গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অধ্যাপক মাছুমা হাবিব বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত। নতুন জ্ঞান ও প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা বাড়ানো এবং কৃষকের জীবনমান উন্নয়নে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।

তরুণদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, স্নাতকদের কর্মোপযোগী দক্ষতা ও সফট স্কিল উন্নয়ন, উদ্যোক্তা তৈরির সক্ষমতা বাড়ানো এবং প্রয়োজন অনুযায়ী পাঠ্যক্রমে পরিবর্তনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সমস্যা সমাধান ও সমালোচনামূলক চিন্তার সক্ষমতা ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়জীবনে একাডেমিক পড়াশোনার পাশাপাশি এসব দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে। 

বিশ্ববিদ্যালয়জীবনকে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করার সময় উল্লেখ করে অধ্যাপক মাছুমা হাবিব বলেন, পড়াশোনার পাশাপাশি গবেষণা, উদ্ভাবন, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

তরুণদের নেশা ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের মেধা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হতে হবে। একই সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে হবে।

নারীর অংশগ্রহণের বিষয়ে অধ্যাপক মাছুমা হাবিব বলেন, নারীর অগ্রযাত্রা ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে নারীদের এগিয়ে আসার সুযোগ সৃষ্টি করতে হবে এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে তাঁদের সমঅংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আলহাজ মো. জি কে গউছ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft