ক্যাম্পাস ডেস্ক: গবেষণার প্রকৃত সার্থকতা তখনই, যখন গবেষণালব্ধ জ্ঞান ও উদ্ভাবনের সুফল সরাসরি কৃষকের মাঠে পৌঁছায়। তাই জাতীয় কৃষির উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গবেষণাকে হতে হবে বাস্তবমুখী, উদ্ভাবননির্ভর এবং কৃষকের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এমন অভিমত ব্যক্ত করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে তিন দিনব্যাপী ‘দীর্ঘমেয়াদি গবেষণা পরিকল্পনা বিষয়ক কর্মশালা ২০২৬-২০২৯’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ম্যানেজমেন্ট উইংয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় পাঁচটি থিমেটিক এরিয়ার আওতায় মোট ৩৪টি গুরুত্বপূর্ণ গবেষণা পরিকল্পনা উপস্থাপন করা হয়। কৃষির বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা, ভবিষ্যৎ সম্ভাবনা উন্মোচন এবং গবেষণালব্ধ জ্ঞানকে কৃষকের কল্যাণে কাজে লাগানোর লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “সরকারের কৃষির আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা বাস্তবায়নে গবেষণার কোনো বিকল্প নেই। আমাদের গবেষণা হতে হবে জাতীয় কৃষি উন্নয়নের অগ্রাধিকারের সঙ্গে সংগতিপূর্ণ, উদ্ভাবননির্ভর ও কৃষকের জন্য প্রয়োগযোগ্য। কারণ গবেষণার প্রকৃত সার্থকতা তখনই, যখন তার সুফল কৃষকের মাঠে পৌঁছে দেশের কৃষির উৎকর্ষ সাধনে ভূমিকা রাখে।”
সোমবার দুপুর ২টায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জাহিদুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম। এ সময় বিভিন্ন গবেষণা প্রকল্পের প্রধান ও সহকারী গবেষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী পরিচালক (প্রকল্প গবেষণা) ডা. মোঃ সহিদুল ইসলাম।
কর্মশালার বিভিন্ন পর্বে প্রকল্পের প্রধান গবেষকরা নিজ নিজ গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দেশের কৃষিতে এসব গবেষণার সম্ভাব্য প্রয়োগ ও প্রভাব তুলে ধরেন। তিন দিনের নিবিড় আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও মতামত পর্যালোচনার মাধ্যমে গবেষণা পরিকল্পনাগুলোকে আরও বাস্তবমুখী, সময়োপযোগী ও ফলাফলনির্ভর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির সমাপনী বক্তব্যে পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম বলেন, “তিন দিনব্যাপী এ কর্মশালার মূল অর্জন শুধু ৩৪টি গবেষণা পরিকল্পনা উপস্থাপন নয়; বরং বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে একটি সুসংগঠিত, সমন্বিত ও দীর্ঘমেয়াদি কাঠামোর মধ্যে এগিয়ে নেওয়ার ভিত্তি তৈরি করা। রিসার্চ ম্যানেজমেন্ট উইং এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখবে।”
সংশ্লিষ্টদের প্রত্যাশা, কর্মশালায় প্রণীত গবেষণা পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি প্রযুক্তি উদ্ভাবনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে গবেষণাগারের উদ্ভাবন ও জ্ঞান মাঠপর্যায়ে পৌঁছানোর মাধ্যমে কৃষকের জীবনমান উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।