মো. মেহেদী হাসান (বরিশাল) : ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ এবং জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল সদর উপজেলার ১০নং চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ০৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ খ্রিঃ পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রজননক্ষম ইলিশ সংরক্ষণে করণীয় ও সরকারি নির্দেশনা সম্পর্কে জেলেদের অবহিত করতে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, বরিশাল সদর, বরিশাল-এর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন: ক্ষেত্রসহকারী মোঃ আরিফুল রহমান, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রতিনিধি, চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল হক, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং এবং ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের গুরুত্ব, প্রজননক্ষম ইলিশ রক্ষায় জেলেদের করণীয় এবং সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে মেনে চলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা মা ইলিশ রক্ষায় জেলে ও স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
সভায় প্রায় ২০০ জনের অধিক জেলে উপস্থিত ছিলেন। এসময় জেলেদের মধ্যে মা ইলিশ সংরক্ষণ, নিষেধাজ্ঞাকালীন সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা এবং সরকারি নির্দেশনা মেনে চলার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর কর্তৃক প্রকাশিত 'মা ইলিশ অভিযান–২০২৬' বিষয়ক জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সভায় বক্তারা বলেন, ইলিশের প্রজনন মৌসুমে প্রজননক্ষম মা ইলিশ রক্ষা করা গেলে ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের মৎস্যসম্পদ আরও সমৃদ্ধ হবে। এজন্য নিষেধাজ্ঞার সময় জেলেদের আইন মেনে চলার পাশাপাশি মা ইলিশ সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
"মা ইলিশ রক্ষা করি, ইলিশের উৎপাদন বৃদ্ধি করি"-এই প্রত্যয়ে সভায় উপস্থিত জেলেরা নিষেধাজ্ঞাকালীন সময়ে সরকারি নির্দেশনা মেনে চলার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।