এগ্রিলাইফ প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলার চন্ডিপুরে মৎস্য চাষীদের জন্য আধুনিক ও বিজ্ঞানভিত্তিক মাছ চাষ বিষয়ক এক প্রশিক্ষণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আয়োজিত এ প্রশিক্ষণে এলাকার প্রায় ১০০ জন মৎস্য চাষী অংশগ্রহণ করেন। এছাড়া নারিশ ফিডস লিমিটেডের পরিবেশক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে মৎস্য চাষীদের আধুনিক, বিজ্ঞানসম্মত ও টেকসই মাছ চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন ইউএস গ্রেইনস অ্যান্ড বায়োপ্রোডাক্টস কাউন্সিল (USGBC)-এর কনসালট্যান্ট ও আন্তর্জাতিক মৎস্য বিশেষজ্ঞ অং থোয়েন এ (অন্তু)। তিনি মাছের সঠিক খাদ্য ব্যবস্থাপনা, পুকুরের পরিবেশ নিয়ন্ত্রণ, মাছের স্বাস্থ্য সুরক্ষা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খামার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।
প্রধান প্রশিক্ষকের বক্তব্যে অং থোয়েন এ বলেন, “একটি মৎস্য খামারকে টেকসই ও লাভজনক করতে উন্নতমানের পোনা, সুষম খাদ্য, পানির গুণগত মান ও কার্যকর খামার ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব উপাদানের যেকোনো একটিতে ঘাটতি থাকলে উৎপাদন ও মুনাফা উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে।” তিনি আরও বলেন, মাছ মজুদের ক্ষেত্রে শুধু সংখ্যার দিকে নয়, বায়োমাসের দিকেও গুরুত্ব দিতে হবে। খাদ্য অপচয় কমাতে খাদ্য প্রদানের আগে, সময়ে এবং পরে মাছের আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পরামর্শ দেন তিনি।
নারিশ ফিডস লিমিটেডের জিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) এস. এস. এ. হক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টেকসই ও লাভজনক মাছ উৎপাদনের জন্য আধুনিক জ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই।
অনুষ্ঠানে নারিশ ফিডস লিমিটেডের বিজনেস প্রোফাইল, মিশন ও ভিশন তুলে ধরে বক্তব্য দেন প্রতিষ্ঠানের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড সার্ভিস) ডা. মুহাম্মদ মুছা কালিমুল্লাহ। তিনি বলেন, উন্নতমানের ফিড ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা মৎস্য খাতের উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ইউএস গ্রেইনস অ্যান্ড বায়োপ্রোডাক্টস কাউন্সিল (USGBC)-এর বাংলাদেশ কনসালট্যান্ট মাহে আলম সরওয়ার বলেন, এ ধরনের প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো মৎস্য চাষীদের মধ্যে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং মাঠপর্যায়ে এসব প্রযুক্তির কার্যকর প্রয়োগে উৎসাহিত করা।
প্রশিক্ষণে মাছের উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে মাছের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করা এবং নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার আলোকে মৎস্য চাষে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও তার সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালাটির কার্যক্রম পরিচালনা করেন নারিশ ফিডস লিমিটেডের এজিএম মো. ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারিশ ফিডস লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের এভিপি মো. সামিউল আলিম, সাদিক ডেইরি অ্যান্ড ফার্মের প্রোপ্রাইটর মো. সাইফুল ইসলাম, সিনিয়র আরএসএম মো. রবিউল ইসলাম, রিজিওনাল ম্যানেজার ডা. আজহারুল ইসলাম, সিএসও ডা. আশিকুর রহমান, এসপিও (নড়াইল ও যশোর) মির্জা রাকিবুল হাসান, অ্যাসিস্ট্যান্ট অফিসার নাইমুল হাসানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
আয়োজকরা জানান, দেশের মৎস্য খাতের টেকসই উন্নয়নের জন্য আধুনিক বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনার ব্যবহার বাড়ানো সময়ের দাবি। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে চাষীদের আধুনিক মাছ চাষ পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি মাঠপর্যায়ে প্রযুক্তির কার্যকর প্রয়োগ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী চাষীরা আগ্রহ ও মনোযোগের সঙ্গে বিভিন্ন সেশন অনুসরণ করেন এবং আধুনিক মাছ চাষের নানা কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেন। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় মৎস্য চাষীরা আরও আধুনিক, লাভজনক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষে উদ্বুদ্ধ হবেন। এর ফলে উৎপাদন বৃদ্ধি, চাষীদের আয় উন্নয়ন এবং দেশের মৎস্য খাতের সামগ্রিক অগ্রগতিতে ইতিবাচক অবদান রাখবে।