মো : আমিনুল ইসলাম:রাজশাহীর মোহনপুরে খামারি অ্যাপের মাধ্যমে সুষম মাত্রায় সার ব্যবহার ও মাটির স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কৃষক-কৃষাণীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জাহানাবাদ ইউনিয়নের তশোপাড়া ও নওনগর গ্রামের কৃষকদের নিয়ে এ উঠান বৈঠকের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মোহনপুর।
উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন। এ সময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহা. আব্দুল মতিন ও উপসহকারী কৃষি কর্মকর্তা খাদিজাতুজ্জোহরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, ফসলের প্রয়োজন অনুযায়ী সঠিক মাত্রায়, সঠিক সময়ে ও সঠিক পদ্ধতিতে সার প্রয়োগ করতে হবে। বেশি সার ব্যবহার করলেই বেশি ফলন হবে এ ধারণা সঠিক নয়। অতিরিক্ত সার ব্যবহারে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি মাটির গুণাগুণ ও উর্বরতা নষ্ট হতে পারে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।
তিনি আরও বলেন, মাটির স্বাস্থ্য ভালো রাখতে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। মাটি পরীক্ষা ও ফসলের চাহিদার ভিত্তিতে রাসায়নিক সার ব্যবহার করা প্রয়োজন। কৃষকদের জন্য খামারি অ্যাপ একটি আধুনিক ও কার্যকর তথ্যপ্রযুক্তি সহায়ক মাধ্যম। এ অ্যাপের মাধ্যমে ফসল, মাটি, কৃষি ব্যবস্থাপনা ও সার ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পাওয়া যায়।
তিনি কৃষকদের বর্তমানের অধিক ফলনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাটির স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।
উঠান বৈঠক শেষে অতিথিরা পানবরজ, মালচিং পদ্ধতিতে মরিচ চাষ, ফিলিপাইনের আখ ও খামারি অ্যাপের পরামর্শ অনুযায়ী রোপা আমন ধানের মাঠ পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে কৃষি তথ্য সার্ভিসের প্রতিনিধিসহ কৃষক-কৃষাণী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।