Monday, November 16, 2026
মোহনপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ
15, Nov 2026 | ফারমার্স এন্ড ফার্মিং

মো : আমিনুল ইসলাম:রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে রাজশাহীর মোহনপুরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ৬ হাজার ৪৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে ৫০ জন কৃষকের মধ্যে একটি করে এয়ার ফ্লো মেশিন এবং ঘর স্থাপনের জন্য প্রত্যেককে সাত হাজার টাকা করে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। শনিবার (১৪ নভেম্বর) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং অধিক ফলন নিশ্চিত করতে সরকার বিভিন্ন কৃষিবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছে। বিনামূল্যে বীজ ও সার বিতরণের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন এবং কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, সরিষা, মসুর, খেসারি ও অড়হর ডালের উৎপাদন বাড়াতে কৃষকদের আধুনিক প্রযুক্তি ও উন্নত চাষাবাদ পদ্ধতি গ্রহণ করতে হবে। কৃষকদের পাশে থেকে কৃষির উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেইসাথে জমিতে পরিমিত সার ব্যবহারে কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তারা বলেন, ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৬ হাজার ৪৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেওয়া হচ্ছে। পাশাপাশি ৫০ জন কৃষকের মাঝে একটি করে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হচ্ছে। পাশাপাশি এই মেশিন স্থাপনে ঘরের জন্য প্রত্যেককে সাত হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে। এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সরিষা, মসুর, খেসারি ও অড়হর ডালের আবাদ সম্প্রসারণ, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং রবি মৌসুমে অনাবাদি জমি চাষের আওতায় আনা।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষি তথ্য সার্ভিসসহ, প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft