এগ্রিলাইফ২৪ ডটকম:কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপপরিচালকের কার্যালয়, মৌলভীবাজার এর আয়োজনে রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও নতুন প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে “জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটি”র সভা ৫ অক্টোবর ২০২৬, রবিবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক কৃষিবিদ মোঃ জালাল উদ্দিন।
সভায় রবি মৌসুমের জন্য জেলার লাগসই কৃষি প্রযুক্তি চিহ্নিতকরণ, কর্মপরিকল্পনা প্রণয়ন, তেল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধিতে করণীয়, গবেষণা প্রতিষ্ঠানের নতুন জাত ও প্রযুক্তি সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় । এছাড়া আমন ধান ও সবজির আবাদ, সারের মজুদ ও সুষ্ঠু ব্যবস্থাপনা এবং BADC’র বীজ আলুর প্রাপ্যতা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সভায় কৃষি তথ্য সার্ভিস কর্তৃক প্রকাশিত কৃষি বিষয়ক মাসিক ম্যাগাজিন কৃষিকথার গ্রাহক বৃদ্ধিতে সহযোগিতা জন্য বলা হয় এবং প্রশিক্ষণ হলরুমে প্রদর্শনের জন্য কৃষি তথ্য সার্ভিস এর সেবাসমূহ বিষয়ক ফেস্টুন প্রদান ও উপস্থিত সকলের মাঝে চারির রিং প্রদান করা হয়।
সভায় আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বিএআরআই, কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিস, সিলেট, সকল উপজেলা কৃষি কর্মকর্তা, বিএডিসি, কৃষক প্রতিনিধি এবং সার ও বীজ ডিলারদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ।
সভা পরবর্তী মৌলভীবাজার সদর উপজেলার কৃষক কার্ডভুক্ত ব্লকে ৬ নং একাটুনা ইউনিয়নের শ্যামরার বাজারে কৃষি তথ্য সার্ভিস, সিলেট কর্তৃক কৃষক কার্ড সহ অন্যান্য কৃষি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
ভিডিও উপস্থাপনা করেন- মো. জুলফিকার আলী, এআইসিও এবং সহযোগিতায়: শওকত আজিজ
এ সময় উপস্থিত ছিলেন -সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শিবানী দেব ও ৬ নং একাটুনা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডে মেম্বার জামাল আহমদ। উপস্থিত দর্শনীদের মাঝে কৃষি বিষয়ক লিফলেট/ ফোল্ডার এবং ফেসবুক পেজের QR Code ও কৃষি কল সেন্টার-১৬১২৩ লেখা সংবলিত চাবির রিং বিতরণ করা হয়েছে। ফেসবুক পেজের QR Code স্ক্যান করে লাইক, শেয়ার করার জন্য এবং কৃষিকথা গ্রাহক হওয়ার জন্য অনুরোধ করা হয়।