এগ্রিলাইফ২৪ ডটকম:কন্দজাতীয় ফসল আলুর উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষাবাদ প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জ সদর উপজেলার ৬০ জন কৃষকের মাঝে আলু প্রদর্শনীর কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে কৃষকদের মাঝে আলুর বীজ, বিভিন্ন প্রকার সার, ছত্রাকনাশক ও কীটনাশক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুন্সীগঞ্জের উপপরিচালক কৃষিবিদ ড. মো. হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ শান্তনা রানী।
মুন্সীগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিয়াসাত সাদাত হোসেন এর দিকনির্দেশনায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ এস. কে. জহির উদ্দিন ও জেরিন রহমান এবং উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে কৃষক কৃষাণীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ করেন।
কৃষি বিভাগের এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের উন্নত জাতের আলু চাষ, সুষম সার ব্যবস্থাপনা, রোগবালাই ও পোকামাকড় দমন এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশা প্রকাশ করেন, প্রদর্শনীর মাধ্যমে কৃষকরা আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আলু চাষে আরও আগ্রহী হবেন। এর ফলে আলুর উৎপাদন ও গুণগত মান বৃদ্ধি পাবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।