Wednesday, August 26, 2026

ময়মনসিংহে প্রাণী চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় ভ্যাবের বিশাল বিক্ষোভ

25, Aug 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

এগ্রিলাইফ২৪ ডটকম:ময়মনসিংহে দুই প্রাণী চিকিৎসকের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ ২৫ আগস্ট ২০২৬ তারিখে রাজধানী ঢাকার কৃষিবিদ চত্বরে (কেআইবি) এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে একযোগে চলমান আন্দোলনের অংশ হিসেবে ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) এই কর্মসূচির আয়োজন করে। উক্ত সমাবেশে বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ), দি ভেট এক্সিকিউটিভ ও বাংলাদেশ স্মল এনিম্যাল ভেটেরিনারি অ্যাসোসিয়েশনসহ (বাসাভা) বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুল সংখ্যক ভেটেরিনারি চিকিৎসক অংশ নেন।

সম্প্রতি ময়মনসিংহে কর্মরত ভেটেরিনারি চিকিৎসক ডা. আশিক ও ডা. আব্দুল হান্নানের ওপর এক ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। চিকিৎসকেরা যখন তাদের পেশাগত দায়িত্ব পালন করছিলেন, ঠিক তখনই তাদের ওপর এই হামলা চালানো হয়। সমাবেশে আগত বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, দায়িত্ব পালনকালে একজন চিকিৎসকের ওপর এমন হামলা অত্যন্ত উদ্বেগজনক। চিকিৎসকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। কোনো অবস্থাতেই চিকিৎসকদের ওপর হামলা, হুমকি কিংবা পেশাগত কাজে বাধা দেওয়ার ঘটনা মেনে নেওয়া হবে না।

সমাবেশে জানানো হয় যে, ময়মনসিংহের ওই ঘটনায় ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলাকারীদের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বক্তারা বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তবে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন যে, হামলার সাথে জড়িত আরও কয়েকজন অপরাধী এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। শুধু একজনকে গ্রেপ্তারের মধ্য দিয়েই যেন তদন্ত ও আইনি প্রক্রিয়া থমকে না যায়। অবশিষ্টাংশ অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সমাবেশ থেকে দেশের ভেটেরিনারি চিকিৎসক সমাজ ঐক্যবদ্ধ ঘোষণা দিয়ে বলে, দেশের যেকোনো প্রান্তে কোনো প্রাণী চিকিৎসকের ওপর হামলা, হয়রানি বা হুমকি আসলে তারা সম্মিলিতভাবে তার প্রতিরোধ করবেন। যদি অবশিষ্টাংশ অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা না হয়, তবে সারা দেশের ভেটেরিনারি চিকিৎসকদের সাথে নিয়ে ধারাবাহিক ও আরও কঠোর বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। বক্তারা একই সাথে আহত দুই চিকিৎসকের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ভ্যাবের সিনিয়র সহ-সভাপতি ডা. মো. আব্দুর রহিমের সভাপতিত্বে এবং মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের সঞ্চালনায় এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিএ-এর আহ্বায়ক ডা. মো. সফিউল আহাদ সরদার স্বপন। এছাড়াও এতে বক্তব্য রাখেন বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft