এগ্রিলাইফ২৪ ডটকম: আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২:৩০টায় বাংলাদেশ সচিবালয়ে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশিদ মহোদয়ের সঙ্গে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (BSSF)-এর কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল মাননীয় মন্ত্রীকে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুডের কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এ সময় সোসাইটির প্রতিষ্ঠালগ্ন থেকে পরিচালিত বিভিন্ন খাদ্য নিরাপত্তা বিষয়ক কনফারেন্স, সেমিনার, প্রকাশনা, টেলিভিশন অনুষ্ঠানসহ জনসচেতনতামূলক কর্মকাণ্ড এবং চলমান কর্মপরিকল্পনার সার্বিক তথ্য উপস্থাপন করা হয়।
মাননীয় মন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রতিনিধিদলের বক্তব্য শোনেন এবং খাদ্য নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আগ্রহ প্রকাশ করে বিস্তারিত জানতে চান। তিনি বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুডের উদ্যোগের প্রশংসা করেন এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
বিশেষভাবে তিনি কৃষিখাতকে নিরাপদ খাদ্য উৎপাদনের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে বলেন, নিরাপদ শস্য উৎপাদনের জন্য মাটি, পানি, সার ও কীটনাশক ব্যবস্থাপনা বিষয়ে আরও বেশি গবেষণা ও কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, উৎপাদনের পর্যায় থেকেই খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা গেলে ভোক্তার টেবিল পর্যন্ত নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া অনেক সহজ হবে।
মন্ত্রী আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ কেবল বাংলাদেশের সমস্যা নয়; এটি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এ বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে উৎপাদন ও বিপণন ব্যবস্থা সচল রেখে খাদ্যের গুণগত মান উন্নয়নে দক্ষতা ও সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাতের শেষ পর্যায়ে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুডের পক্ষ থেকে আসন্ন টেকনিক্যাল সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য মাননীয় মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। এ সময় সোসাইটির পক্ষ থেকে তাঁকে একটি বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকার ও বেসরকারি উদ্যোগের সমন্বিত প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে এ সৌজন্য সাক্ষাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।