Friday, November 20, 2026
নিরাপদ মাছ উৎপাদনে বড় চ্যালেঞ্জ AMR: দায়িত্বশীল ঔষধ ব্যবহারে জোর, কুমিল্লায় মৎস্য অধিদপ্তরের কর্মশালা
20, Nov 2026 | ফোকাস

এগ্রিলাইফ২৪ ডটকম: নিরাপদ মাছ উৎপাদন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং দেশের মৎস্যখাতের টেকসই উন্নয়নে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) এখন একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়। মৎস্যচাষে অ্যান্টিমাইক্রোবিয়ালের অনিয়ন্ত্রিত ও অযৌক্তিক ব্যবহার ভবিষ্যতে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এ ঝুঁকি মোকাবিলা এবং মৎস্যচাষে দায়িত্বশীল ঔষধ ব্যবহারের সংস্কৃতি গড়ে তুলতে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক কর্মশালা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লার সম্মেলন কক্ষে ‘মৎস্যচাষে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) প্রতিরোধে সচেতনতা ও দায়িত্বশীল অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহার’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন মৎস্য অধিদপ্তর, বাংলাদেশের মহাপরিচালক ড. মোঃ খালেদ কনক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মঈন উদ্দিন আহমদ। কর্মশালায় সভাপতিত্ব করেন মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের পরিচালক মোঃ আনোয়ার হোসেন।

এতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার জেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া একতা তেলাপিয়া হ্যাচারীর চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিনসহ মৎস্য খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মশালায় মৎস্যচাষে অ্যান্টিমাইক্রোবিয়াল ও ঔষধের দায়িত্বশীল ব্যবহার, অপ্রয়োজনীয় ওষুধ প্রয়োগ পরিহার, রোগ নির্ণয়ের পর বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিৎসা এবং AMR-এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। অ্যান্টিমাইক্রোবিয়ালের যথেচ্ছ ব্যবহার শুধু মাছের স্বাস্থ্য ও উৎপাদন ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলে না, বরং পরিবেশ ও মানবস্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই মৎস্যচাষে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ এবং ঔষধ ব্যবহারে সচেতনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, AMR প্রতিরোধ কোনো একক প্রতিষ্ঠান বা ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে মৎস্য অধিদপ্তর, মাঠপর্যায়ের কর্মকর্তা, মৎস্যচাষি, হ্যাচারি উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সঠিক রোগ ব্যবস্থাপনা, প্রয়োজনীয় ক্ষেত্রে অনুমোদিত ঔষধের যথাযথ প্রয়োগ এবং অপ্রয়োজনীয় অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহার বন্ধের মাধ্যমে নিরাপদ মৎস্য উৎপাদনের পরিবেশ গড়ে তোলা সম্ভব।

কর্মশালার মূল লক্ষ্য ছিল মৎস্যচাষের সঙ্গে সংশ্লিষ্ট সকলের মধ্যে AMR বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অ্যান্টিমাইক্রোবিয়ালের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা এবং নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদনে কার্যকর ভূমিকা পালনে উৎসাহিত করা।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ মৎস্যচাষে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার পাশাপাশি দেশের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft