Saturday, October 03, 2026
নির্মল সৌন্দর্যে সুর, কবিতা ও নৃত্যের মোহনীয় আবহে উদযাপিত হলো ‘শরৎ উৎসব’
02, Oct 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

এগ্রিলাইফ২৪ ডটকম: শরতের শুভ্র কাশফুল, শিউলির সুবাস আর নীল আকাশের অপার সৌন্দর্যকে ধারণ করে কৃষিবিদ সাংস্কৃতিক সংস্থার আয়োজনে কেআইবি’র (৩-ডি) হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ‘শরৎ উৎসব'-শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি’। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এ উৎসবে কৃষিবিদ, তাঁদের পরিবার, সংস্কৃতিপ্রেমী অতিথি এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কৃষিবিদ সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক সালাহউদ্ দীন আহমেদ। পরে কৃষি উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’-এর উপস্থাপক ও কূলী উপস্থাপক জনাব রেজাউল করিম সিদ্দিক-কে ফুল ও উত্তরীয় দিয়ে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গ্রহণের পর তিনি কৃষি, সংস্কৃতি ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষিবিদ সাংস্কৃতিক সংস্থার সভাপতি কৃষিবিদ আশরাফুল ইসলাম রাজা।

সাংস্কৃতিক পর্বে ছিল রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, আধুনিক গান, ভাটিয়ালি, আবৃত্তি ও নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনা। সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‘শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি’, ‘তোমার মোহন রূপে কে রয় ভুলে’ এবং সমাপনী রবীন্দ্রসংগীত ‘মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে ছুটি’। ছড়াগান পরিবেশন করেন শ্রেয়সী দাস, জ্যোৎস্নী দাস ও শ্রেয়শী দাস। একক সংগীত পরিবেশন করেন প্রতিভা পাল, রঞ্জিতা দাস, পল্লবী প্রামাণিক, নিলয়ত আলী এবং আশরাফুল ইসলাম রাঙা। আধুনিক গান ‘তুমিতা এখন যেনো শরৎ-আকাশ’ পরিবেশন করেন আশরাফুল ইসলাম রাঙা।

কবিতা আবৃত্তি করেন ভবতোষকান্তি সরকার, কবি ফয়জুল্লাহ, দেবাশীষ দাস, সালাহউদ্ দীন আহমেদ এবং সিরাজুর রহমান। এছাড়া বিশেষ আবৃত্তি পরিবেশন করেন ড. মফিজুল হোসেন, যিনি মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সুপরিচিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAB)-এর কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার। তিনি আয়োজকদের এ ধরনের ঋতুভিত্তিক সাংস্কৃতিক উদ্যোগের প্রশংসা করেন এবং কৃষিবিদ সমাজে সাহিত্য-সংস্কৃতির চর্চা আরও বিস্তারের আহ্বান জানান।

শরৎ ঋতুর সৌন্দর্য, বাংলার ঐতিহ্য এবং কৃষিজীবনের আবেগকে একসূত্রে গেঁথে আয়োজনটি হয়ে ওঠে সুর, কবিতা ও নৃত্যের এক অনন্য সম্মিলন। অনুষ্ঠান শেষে কৃষিবিদ সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে উপস্থিত সকল অতিথি, শিল্পী, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। উৎসবের আনন্দঘন আবহে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন আয়োজন বাংলা সংস্কৃতি ও কৃষিবিদ সমাজের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft