মো: দেলোয়ার হোসেন:‘কৃষক কার্ড হাতে থাকলে, সেবা পাবেন সাথে সাথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের প্রান্তিক কৃষকদের সরকারি সেবার আওতায় আনতে কৃষক স্মার্ট কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী জেলার ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় পর্যায়ের এ কার্যক্রমের উদ্বোধন করেন। এর অংশ হিসেবে একই দিন নওগাঁর আত্রাই উপজেলার পতিসর ব্লকের কৃষকদের নিয়ে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয়ভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে স্থানীয় পর্যায়ের কার্যক্রমে অংশ নেন কর্মকর্তারা ও কৃষকেরা।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে বিকেল ৩টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পতিসর ব্লকের উপকারভোগী কৃষকদের হাতে প্রতীকী কৃষক স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়। নওগাঁয় প্রথম ধাপে আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের পতিসর ব্লকের ১৭৮০ জন কৃষক এ কার্ডের আওতায় এসেছেন।
নওগাঁ- ০৬ (আত্রাই- রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু,, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার। এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, উপজেলা সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং পতিসর ব্লকের উপকারভোগী প্রান্তিক কৃষকেরা।
নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পতিসর ব্লকে ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মধ্যম ও বড় সব শ্রেণির কৃষক মধ্যে কৃষক কার্ডের আওতায় রয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ১৪৫০ জন কৃষকের ব্যাংক হিসাব সম্পন্ন হয়েছে এবং কৃষকেরা ২৫০০ টাকা করে নগদ আর্থিক প্রণোদনা পেয়েছেন।