এগ্রিলাইফ প্রতিনিধি, নড়াইল: মৎস্য খাতে টেকসই উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে খামারিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নড়াইলে মৎস্য চাষীদের নিয়ে দিনব্যাপী বাস্তবভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) নড়াইলের ইউনিক কনভেনশন সেন্টারে নারিশ ফিডস লিমিটেড এবং ইউএস গ্রেইনস অ্যান্ড বায়োপ্রোডাক্টস কাউন্সিল (USGBC)-এর যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
কর্মশালায় নড়াইলসহ আশপাশের এলাকার স্থানীয় মৎস্য চাষীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের বিভিন্ন সেশনে আধুনিক মৎস্য চাষ পদ্ধতি, বিজ্ঞানভিত্তিক খামার ব্যবস্থাপনা, সঠিক পুষ্টি ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য হাতে-কলমে বাস্তবভিত্তিক প্র্যাকটিক্যাল সেশনেরও আয়োজন করা হয়।
কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মৎস্য বিশেষজ্ঞ ও ইউএসজিবিসি-এর কনসালট্যান্ট অং থোয়েন এ (অন্তু)। তিনি বলেন, “বিজ্ঞানভিত্তিক চাষ ও সঠিক পুষ্টি ব্যবস্থাপনা ছাড়া টেকসই উৎপাদন সম্ভব নয়। পুকুর প্রস্তুতি থেকে শুরু করে খাদ্য প্রয়োগ, পানির গুণগত মান রক্ষা এবং রোগ নিয়ন্ত্রণ পর্যন্ত প্রতিটি ধাপ সঠিকভাবে অনুসরণ করতে হবে।”
তিনি আরও বলেন, মাছের খাদ্য প্রয়োগের ক্ষেত্রে মাছের প্রজাতি ও খাদ্য গ্রহণের সময় বিবেচনায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের বেলায় খাদ্য গ্রহণকারী মাছ এবং রাতের বেলায় খাদ্য গ্রহণকারী মাছের জন্য খাদ্য ব্যবস্থাপনা ভিন্ন হওয়া প্রয়োজন। এছাড়া পানির তিনটি মৌলিক প্যারামিটার নিয়মিত পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রশিক্ষণে মেঘলা আবহাওয়ায় খাদ্য প্রয়োগে সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বক্তারা বলেন, বর্তমানে ঘন ঘন আবহাওয়ার পরিবর্তনের কারণে খামারিদের নিয়মিত পরিবেশ পর্যবেক্ষণ করে খাদ্য সরবরাহ করতে হবে। রোগ প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধ অধিক কার্যকর উল্লেখ করে রোগ প্রতিরোধের সাতটি মৌলিক নিয়মও খামারিদের সামনে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে এস এস এ হক, জিএম (সেলস অ্যান্ড মার্কেটিং), নারিশ ফিডস লিমিটেড, ডা. মুহাম্মদ মুছা কালিমুল্লাহ, সিনিয়র ডিজিএম (সেলস অ্যান্ড সার্ভিস), নারিশ ফিডস লিমিটেড, মো. ওবায়দুল ইসলাম, এজিএম, নারিশ ফিডস লিমিটেড এবং মাহে আলম সরওয়ার, কনসালট্যান্ট (বাংলাদেশ), ইউএস গ্রেইনস অ্যান্ড বায়োপ্রোডাক্টস কাউন্সিল (USGBC)।
স্থানীয় মৎস্য চাষীরা জানান, “এই প্রশিক্ষণ থেকে আমরা আধুনিক ও বিজ্ঞানভিত্তিক মৎস্য চাষের অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি। অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে পারলে মাছের উৎপাদন বৃদ্ধি ও খামার ব্যবস্থাপনা আরও উন্নত করা সম্ভব হবে।”
অনুষ্ঠানে পরিবেশকদের পক্ষে বক্তব্য রাখেন সাহা বাণিজ্য ভান্ডারের স্বত্বাধিকারী সঞ্জয় সাহা, শেখ ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. ইনসান শেখ এবং সানজার এন্টারপ্রাইজের মো. আসিফুর রহমান সানজার।
দিনব্যাপী কর্মশালায় নারিশ ফিডসের সিনিয়র আরএসএম মো:রবিউল ইসলাম, রিজিওনাল ম্যানেজার ডা. আজহারুল ইসলাম, সিএসও ডা. আশিকুর রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ ও প্রতিযোগিতামূলক করতে খামারিদের আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক চাষ পদ্ধতির সঙ্গে পরিচিত করার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।