Thursday, September 24, 2026
নরসিংদী জেলার  কৃষিপণ্য রপ্তানিতে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কৃষি তথ্য সার্ভিসের  কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
23, Sep 2026 | ফারমার্স এন্ড ফার্মিং

এগ্রিলাইফ২৪ ডটকম:কৃষিপণ্যের গুণগত মান উন্নয়ন, নিরাপদ উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির সম্ভাবনা কাজে লাগিয়ে কৃষকদের দক্ষ কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) নরসিংদীতে ‘কৃষিপণ্য রপ্তানির জন্য উদ্যোক্তা তৈরি’ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

কৃষি তথ্য সার্ভিস, ঢাকা অঞ্চলের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নরসিংদীর সহযোগিতায় প্রশিক্ষণ হল, উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নরসিংদীতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান। প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন ড. মোহাম্মদ আজিজল হক, উপপরিচালক, সালাউদ্দিন টিপু, জেলা প্রশিক্ষণ অফিসার, সুব্রত কান্তি দত্ত, অতিরিক্ত উপপরিচালক(উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ,নরসিংদী  ও সজীব মুখার্জী, অতিরিক্ত উপপরিচালক, কেন্দ্রীয় প্যাকিং হাউজ, শ্যামপুর,ঢাকা। 

প্রশিক্ষণ পরিচালনা করেন সাবরিনা আফরোজ, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার, কৃষি তথ্য সার্ভিস,ঢাকা অঞ্চল। 

প্রশিক্ষণে কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা ও চ্যালেঞ্জ, রপ্তানিযোগ্য ফসল উৎপাদনে সমন্বিত বালাই ব্যবস্থাপনা, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, নিরাপদ ফসল উৎপাদনে জৈব বালাইনাশক ও জৈব সারের ব্যবহার , কৃষি পণ্য রপ্তানির নিয়মকানুন ও ডকুমেন্টেশন সহ  কৃষিপণ্যের সংগ্রহোত্তর পরিচর্যা, মান নিয়ন্ত্রণ এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা এবং কৃষিকে লাভজনক ব্যবসায় রূপান্তরের মাধ্যমে নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান বলেন, কৃষিকে লাভজনক ও বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় খাতে পরিণত করতে কৃষকদের প্রচলিত উৎপাদন পদ্ধতির পাশাপাশি রপ্তানিমুখী কৃষি ব্যবস্থাপনায় দক্ষ করে তুলতে হবে। কৃষিপণ্যের উৎপাদন থেকে শুরু করে সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের প্রতিটি পর্যায়ে গুণগত মান নিশ্চিত করা প্রয়োজন। কৃষকদের আধুনিক তথ্য ও প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে রপ্তানিমুখী কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কৃষি তথ্য ও প্রশিক্ষণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের চাহিদা, পণ্যের গুণগত মান ও নিরাপদ উৎপাদন পদ্ধতি সম্পর্কে কৃষকদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবে।

নরসিংদীর উপপরিচালক ড. মোহাম্মদ আজিজল হক বলেন, নরসিংদী কৃষিপণ্য উৎপাদনে একটি সম্ভাবনাময় জেলা। এ জেলা থেকে প্রচুর পরিমান শাকসবজি বিদেশে রপ্তানি হয়। উৎপাদিত এ শাকসবজি ও অন্যান্য কৃষিপণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা গেলে কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি বিপুল পরিমান  বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে। এ জন্য কৃষকদের দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে নরসিংদী জেলায় দক্ষ কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি, কৃষিপণ্যের গুণগত মান উন্নয়ন, কৃষকদের আয় বৃদ্ধি এবং রপ্তানিমুখী কৃষি কার্যক্রম সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে কৃষিকে বাণিজ্যিক ও রপ্তানিমুখী ধারায় এগিয়ে নেওয়ার মাধ্যমে দেশের কৃষি অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা সম্ভব হবে।

উল্লেখ্য উক্ত প্রশিক্ষণে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। 

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft