এগ্রিলাইফ২৪ ডটকম: মাছের সরবরাহ স্বাভাবিক রাখা, বাজার পরিস্থিতি স্থিতিশীল করা এবং ভোক্তাদের কাছে ন্যায্যমূল্যে নিরাপদ ও মানসম্মত মাছ পৌঁছে দেওয়ার লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ জহিরুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব সেবাস্টিন রেমা, পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) জনাব আতিয়া সুলতানা, ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব নয়ন কুমার সাহা এবং অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, মৎস্য অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), মাছ ব্যবসায়ী সমিতি, বিভিন্ন সুপারশপ এবং পাইকারি ও খুচরা মাছ ব্যবসায়ীদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ ফিশারিজ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল জনাব মোঃ গিয়াস উদ্দিন সরকার এবং ক্যাবের প্রতিনিধি জনাব মোহা. শওকত আলী খান।
সভায় মাছের বাজারে বিভিন্ন অনিয়ম, যেমন- রঙিন আলো ব্যবহার করে মাছের প্রকৃত অবস্থা আড়াল করা, ওজনে কারচুপি, মাছে জেলি পুশ, অনিরাপদ বরফ ব্যবহার এবং মূল্যতালিকা প্রদর্শন না করার বিষয়গুলো উঠে আসে। এসব অনিয়ম প্রতিরোধে নিয়মিত বাজার তদারকি, সমন্বিত অভিযান এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
মুক্ত আলোচনায় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা মাছের গুণগত মান, উৎপাদন ব্যয়, সরবরাহব্যবস্থা এবং যৌক্তিক মূল্য নির্ধারণের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি অনলাইনে মাছ বিক্রির ক্ষেত্রে প্রতারণা প্রতিরোধ এবং উৎপাদন থেকে বিপণন পর্যন্ত প্রতিটি পর্যায়ে কার্যকর নজরদারি বাড়ানোর আহ্বান জানান তাঁরা।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক জনাব মোঃ জহিরুল ইসলাম বলেন, মাছের গুণগত মান বজায় রাখা, নিরাপদ পরিবহণ ও বিপণন নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সুরক্ষা করা অত্যন্ত জরুরি। অতিরিক্ত মুনাফার আশায় মাছের ওজন কৃত্রিমভাবে বাড়ানোসহ যেকোনো অনৈতিক কর্মকাণ্ড দেশের মৎস্য খাত ও রপ্তানি বাণিজ্যের সুনাম ক্ষুণ্ন করতে পারে। তিনি ব্যবসায়ীদের স্বচ্ছতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।
তিনি আরও বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি টাস্কফোর্সের মাধ্যমে নিয়মিত বাজার তদারকি ও আইন প্রয়োগমূলক কার্যক্রম জোরদার করা হবে। মাছের চাহিদা ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, ব্যবসায়ী, ভোক্তা ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত উদ্যোগে মাছের বাজারে শৃঙ্খলা ফিরবে এবং ভোক্তারা ন্যায্যমূল্যে নিরাপদ ও মানসম্মত মাছ ক্রয়ের সুযোগ পাবেন।