Monday, August 10, 2026

অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের অনুকূলে চেক বিতরণ করেছে খুলনা ট্রাস্ট

07, Aug 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

এগ্রিলাইফ২৪ ডটকমঃআর্থিকভাবে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের অনুকূলে চেক বিতরণ করেছে খুলনা ট্রাস্ট। গতকাল ৬ আগস্ট খুলনা জেলা প্রশাসকের কনফারেন্স রুমে জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, জেডআরএফ-এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (বিএমএসআরআই)-এর বর্তমান চেয়ারম্যান প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. রফিকুস সালেহীন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম ও কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আকতার হোসেন, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক ও নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডাঃ আবু জাফর মোঃ সালেহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতেমা, জেড আর এফ খুলনা বিভাগীয় মনিটর (কৃষিবিদ) ড. এস এম ফেরদৌস, খুলনা অঞ্চলের বিদ্যালয়, মাদ্রাসা, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মনোনীত মেধাবী ও অস্বচ্ছল ছাত্র-ছাত্রীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বিএমএসআরআই এর চেয়ারম্যান ডাঃ ফরহাদ হালিম ডোনার বলেন, খুলনা ট্রাস্টের উদ্যোগ খুবই সময়োপযোগী। মেধাবী অথচ অস্বচ্ছল ছাত্র-ছাত্রীবৃন্দ খুলনা ট্রাস্টের আর্থিক সহযোগিতায় উচ্চ শিক্ষা গ্রহণ করে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। তিনি সমাজের বিত্তবান মানুষদের এধরণের সমাজ সেবামুলক কাজে অংশীদার হওয়ার আহবান জানান। ডাঃ ফরহাদ জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠার পটভূমি বর্ণনা দিয়ে বলেন, খুলনা ট্রাস্টের ন্যায় জেড আর এফ শিক্ষা বৃত্তি, অসহায় মানুষের স্বাস্থ্য সেবা এবং কৃষি প্রযুক্তি বিস্তার ও অধিক ফলনের জন্য উফশী ধানের বীজ ‘কমল’ কৃষক পর্যায়ে বীজ সহায়তা দিচ্ছে।  

সভাপতির বক্তব্যে মিজ হুরে জান্নাত বলেন, খুলনা ট্রাস্ট-এর সহায়তায় প্রতি বছর মেধাবী ও অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের আর্খিক সহায়তা হিসেবে বৃত্তি দেয়া হয়। তিনি বৃত্তির সংখ্যা আরও বৃদ্ধি ও বৃত্তি প্রদানের নীতিমালা সভাকে অবহিত করেন। সভাপতি মিজ হুরে জান্নাত ও প্রধান অতিথি উপস্থিত ছাত্র-ছাত্রীদের কাছে আর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা।
 

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft