Thursday, November 19, 2026
পাবনা সদরে ১৩ হাজার ৫০০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ ও সার বিতরণের উদ্বোধন
18, Nov 2026 | ফারমার্স এন্ড ফার্মিং

মোঃ গোলাম আরিফ: আজ ১৮ নভেম্বর ২০২৬ পাবনা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষকদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবি/২০২৬-২৭ মৌসুমে তেল ও ডাল জাতীয় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা সদর আয়োজিত এ প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাকিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সিরাজুম মুর্শিদা। এসময় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পাবনা সদরের আহ্বায়ক এ কে এম মূসা, সদস্য সচিব রেহানুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার নাসিফ ও উপজেলা সমবায় অফিসার মোঃ রবিউল আলম।   

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের দেশের অর্থনৈতিক মন্দা ও মহামারী থেকে উত্তরণের প্রধান ভিত্তি হলো কৃষি। কৃষি উৎপাদন ধরে রাখতে পারলেই সকল প্রকার বাধা সহজেই অতিক্রম করা সম্ভব। পাবনা সদর উপজেলার আবহাওয়া ও মাটি ফসল উৎপাদনের জন্য অধিক উপযোগী। এজন্য এই এলাকার কৃষকরা অতি যত্ন ও পরিশ্রম করে ফসল ফলান। ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপহার হিসেবে এ কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। কোনো অবস্থাতেই এসব উপকরণ বাজারে বিক্রি বা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। এ ব্যাপারে আমরা সর্তক আছি। প্রকৃত কৃষক এবং যারা নিজের জমিতে চাষাবাদে আগ্রহী, তাদের অগ্রাধিকার দিয়েই উপকারভোগী কৃষক-কৃষাণী নির্বাচন করা হয়েছে।

বক্তারা আরো বলেন, আমাদের কৃষকদের মধ্যে অনেকে নিজের খেয়াল খুশি মতো ফসলে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছে। এতে আমরা বিভিন্ন রকম দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত ও পরবর্তী প্রজন্মের জন্য পরিবেশ ও খাবারগুলো বিসাক্ত হয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এ বিষয়ে কৃষকদের সচেতন করতে কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত সভা, সেমিনার, মতবিনিময় সভা ও উঠান বৈঠকের মাধ্যমে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে। নিরাপদ খাদ্য উৎপাদন, মাটির স্বাস্থ্য সুরক্ষা, উৎপাদন ব্যয় হ্রাস এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কৃষকদের এসব পরামর্শ মেনে চলার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে রবি/২০২৬-২৭ মৌসুমে তেল ও ডাল জাতীয় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাবনা সদর উপজেলার দশটি ইউনিয়নের মোট ১৩ হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষা ফসলে ১২ হাজার ৫০০ জনের প্রতিজনকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি সার; চিনাবাদাম ফসলে ২৫০ জনের প্রতিজনকে ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি সার; মসুর ফসলে ৪৫০ জনের প্রতিজনকে ০৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ০৫ এমওপি সার এবং খেসারি ফসলে ৩০০ জনের প্রতিজনকে বিনামূল্যে ০৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ০৫ এমওপি সার বিতরণের উদ্বোধন করা হয়।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft