Sunday, November 15, 2026
পাবনায় বিএসআরআই এর ৩ দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি পরিকল্পনা কর্মশালা-২০২৬ এর উদ্বোধন
14, Nov 2026 | এগ্রিবিজ এন্ড টেক

মোঃ গোলাম আরিফ:পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) এর বার্ষিক গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি পরিকল্পনা কর্মশালা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ থেকে ১৬ নভেম্বর) তিন দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই), ঈশ্বরদী, পাবনা। ইনস্টিটিউটের এএসএম কামাল উদ্দিন মেমোরিয়াল হলে আয়োজিত কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, খাদ্য শিল্পে চিনি এবং গুড় অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়। যা কেবল মিষ্টতা প্রদান করে না বরং খাবারের মান, গঠন এবং সংরক্ষণেও বড় ভূমিকা রাখে। চিনি ও গুড় উৎপাদনে বিএসআরআই এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের চিনি ও গুড় শিল্পকে এগিয়ে নিতে এবং এ ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বিএসআরআই সুগারক্রপ নিয়ে গবেষণা ও উন্নত জাত উদ্ভাবন, ফলন বৃদ্ধি ও উৎপাদন কলাকৌশল, গুড় প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ প্রযুক্তি, প্রশিক্ষণ ও সম্প্রসারণে কাজ করে চলেছে। 

বিজ্ঞানীদের উদ্দেশ্য তিনি আরো বলেন, জলবায়ু ও প্রাকৃতিক পরিবেশের ক্রমাগত পরিবর্তনের ফলে কৃষি জমি ও উৎপাদন দিন দিন নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছে। এজন্য গবেষণার পরিধি হবে বীজ রোপণ থেকে চূড়ান্তভাবে ভোক্তার কাছে নিরাপদ ও মানসম্মত করে পণ্য পৌঁছে দেয়া। যেহেতু আখ একটি দীর্ঘমেয়াদি ফসল। এ কারণে আখের সঙ্গে সাথী ফসল বা আন্তঃফসল চাষের মাধ্যমে একই জমি থেকে বাড়তি উৎপাদন ও আয় নিশ্চিত করা। প্রতিকূল পরিবেশে টিকে থাকার সক্ষমতা ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন ও সম্প্রসারণ, কৃষি যন্ত্রপাতি শক্তিশালী করে কৃষকের নিকট পৌঁছানো, কৃষি সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়, মূল্য সংযোজন, পরিবেশ বান্ধব প্যাকেজিং, চিনি কলগুলো সংস্কারকরণ, অবশিষ্টাংশ থেকে বায়োগ্যাস ও জৈব সার তৈরিতে গবেষণা ও সম্প্রসারণের প্রতি আহবান জানান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের সিনিয়র স্পেশালিষ্ট(ক্লাইমেট এন্ড ন্যাচারাল রিসোর্সেস) ড. মোঃ মনোয়ার করিম খান ও বিএসআরআই এর পরিচালক (টিওটি) ড. সেলিনা আখতার। স্বাগত বক্তব্য প্রদান করেন বিএসআরআই এর পরিচালক (গবেষণা) ড. মো. আতাউর রহমান।

কর্মশালায় বিএসআরআই এর চলমান ও সম্পন্ন গবেষণা কার্যক্রম পর্যালোচনা, গবেষণার অগ্রগতি ও অর্জন মূল্যায়ন এবং ভবিষ্যৎ গবেষণা কর্মসূচি প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সুগারক্রপের উৎপাদন বৃদ্ধি, উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি উদ্ভাবন, উৎপাদনশীলতা বাড়ানো এবং কৃষকের কাছে গবেষণালব্ধ প্রযুক্তি পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় বিভিন্ন গবেষণা বিভাগের বিজ্ঞানী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের গবেষণার ফলাফল, অর্জন, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। এসব উপস্থাপনার ওপর বিস্তারিত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে আগামী দিনের গবেষণা কার্যক্রমকে আরও সময়োপযোগী, কৃষকবান্ধব ও ফলপ্রসূ করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি পরিকল্পনা কর্মশালা দেশের সুগারক্রপের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি কৃষি অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft