Wednesday, November 18, 2026
পাবনা’য় বিএসআরআই এর ৩ দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি পরিকল্পনা কর্মশালা ২০২৬ সম্পন্ন
16, Nov 2026 | এগ্রিবিজ এন্ড টেক

মোঃ গোলাম আরিফ: পাবনা'র ঈশ্বরদীতে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) এর ৩ দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি পরিকল্পনা কর্মশালা ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৪ নভেম্বর শুরু হওয়া এ কর্মশালা ১৬ নভেম্বর ২০২৬ সমাপ্ত হয়। ইনস্টিটিউটের ইয়াছিন আলী প্রশিক্ষণ হলে আয়োজিত এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ।

সমাপনী অনুষ্ঠানে মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, দেশে চিনি, গুড় ও মধু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, আমদানিনির্ভরতা কমানো এবং আখচাষিসহ সংশ্লিষ্ট কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সময়োপযোগী, বাস্তবমুখী ও মাঠপর্যায়ে কার্যকর গবেষণার কোনো বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে উচ্চফলনশীল ও রোগবালাইসহনশীল জাত উদ্ভাবন, উৎপাদন ব্যয় হ্রাস, আখের সঙ্গে সাথি ফসল চাষ সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও পরিবর্তিত প্রাকৃতিক পরিবেশের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকের চাহিদাভিত্তিক গবেষণা কার্যক্রম গ্রহণ এবং গবেষণালব্ধ প্রযুক্তি দ্রুত কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিএসআরআই এর পরিচালক (গবেষণা) ড. মো. আতাউর রহমান ও পরিচালক (টিওটি) ড. সেলিনা আখতার। 

কর্মশালায় অন্যান্য বক্তারা বলেন, বিএসআরআই সুগারক্রপের ৬টি ফসল নিয়ে কাজ করছে। তার মধ্যে আখের ৪৯ টি, সুগারবিটের ২ টি, স্টেভিয়ার ১ টি ও তালের ১ টি উন্নত জাত উদ্ভাবন করেছে। পাশাপাশি ২২১টি আধুনিক ও যুগোপযোগী প্রযুক্তি উদ্ভাবন এবং সম্প্রসারণের কার্যক্রম চলমান রয়েছে। 

কর্মশালার বিভিন্ন গবেষণা বিভাগ ও কেন্দ্রের বিজ্ঞানীরা চলমান গবেষণা কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন। উপস্থাপনায় সুগারক্রপের নতুন জাত উদ্ভাবন, উন্নত উৎপাদন প্রযুক্তি, কৃষি যন্ত্রপাতি, মাটি ও পানি ব্যবস্থাপনা, রোগ ও পোকামাকড় দমন, আখের সঙ্গে সাথি ফসলের চাষ, ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা এবং গুড় ও চিনি প্রক্রিয়াজাতকরণসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পায়। এছাড়াও তাল, খেজুর, গোলপাতা, মৌমাছি ও মধু, সুগারবীট এবং স্টেভিয়ার বিভিন্ন গবেষণা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থাপনার পর বিশেষজ্ঞরা মুক্ত আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে গবেষণার শক্তিশালী দিক ও সীমাবদ্ধতা চিহ্নিত করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। পর্যালোচনায় উঠে আসা সুপারিশের ভিত্তিতে আগামী অর্থবছরের গবেষণা কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করা হয়। এতে নতুন গবেষণা প্রকল্প গ্রহণ, চলমান কাজের অগ্রাধিকার নির্ধারণ এবং মাঠপর্যায়ে গবেষণালব্ধ ফলাফল ছড়িয়ে দেওয়ার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কর্মশালায় ইনস্টিটিউটের বিজ্ঞানী, গবেষক ও কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের গবেষকগণ অংশগ্রহণ করেন। আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে প্রণীত সুপারিশগুলো আগামী দিনের গবেষণা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft