Sunday, August 30, 2026

পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধের মাধ্যমে ইতিবাচক কর্মপরিবেশ তৈরি করা সম্ভব-সিকৃবি ভিসি

30, Aug 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) "অফিস রুলস এন্ড ম্যানেজম্যান্ট" শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি ২৯ আগস্ট (শনিবার) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবন-২-এর কনফারেন্স রুমে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে আইকিউএসির পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌল্লাহ ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, একটি প্রতিষ্ঠানের সুষ্ঠু ও কার্যকর পরিচালনার জন্য সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ, দায়িত্বের সঠিক বণ্টন এবং কর্মীদের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো নিজ নিজ কাজ যথাসময়ে, যথাযথভাবে এবং দায়িত্বশীলতার সঙ্গে সম্পন্ন করা। অফিসের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় তথ্য সঠিক সময়ে একে অপরের মধ্যে আদান-প্রদান করতে হবে। একই সঙ্গে অফিসের গুরুত্বপূর্ণ ফাইল ও নথিপত্র যথাযথ নিয়মে ডিজিটাল এবং ম্যানুয়াল উভয় পদ্ধতিতে সংরক্ষণ করতে হবে, যাতে প্রয়োজনের সময় দ্রুত ও নিরাপদে তথ্য পাওয়া যায়। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের সঙ্গে পেশাদার, সৌজন্যমূলক ও শিষ্টাচারপূর্ণ আচরণ বজায় রাখা আবশ্যক। পারস্পরিক সম্মান, সহযোগিতা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি ইতিবাচক ও সুন্দর কর্মপরিবেশ তৈরি করা সম্ভব।

ভিসি আরও বলেন, আমরা শৃঙ্খলাকে শাস্তির বিষয় হিসেবে নয়, বরং একটি কার্যকর, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার অন্যতম ভিত্তি হিসেবে দেখতে চাই। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সততা, নিষ্ঠা ও সময়ানুবর্তিতার সঙ্গে পালন করলে আমাদের অফিসের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও সফল হবে।

প্রশিক্ষণ কর্মসূচি শেষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft