এগ্রিলাইফ২৪.কম: দেশের প্রাণিস্বাস্থ্য (Animal Health) খাতের পরিচিত ও অভিজ্ঞ ব্যক্তিত্ব মোহাম্মদ আবদুল্লাহ্ চলতি বছরের ১ নভেম্বর থেকে আরআরপি ফার্মাসিটিক্যালসের ভেটেরিনারি বিভাগে চিফ অপারেটিং অফিসার (COO) হিসেবে যোগদান করেছেন। প্রাণিস্বাস্থ্য খাতে প্রায় ৩০ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি অর্জন করেছেন সমৃদ্ধ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা। এ খাতে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা, নেতৃত্বের গুণাবলি এবং পেশাদারিত্ব আরআরপি ফার্মাসিটিক্যালসের ব্যবসায়িক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে মোহাম্মদ আবদুল্লাহ জানান, আরআরপি ফার্মাসিটিক্যালসের ভেটেরিনারি ডিভিশনে উৎপাদিত পণ্য এবং রফিক মেডিসিন কর্তৃক আমদানিকৃত পণ্যের বিক্রয় ও বিপণনের সার্বিক দায়িত্ব তাঁর ওপর অর্পিত হয়েছে। তিনি এ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কেমিস্ট, কনসালট্যান্ট, প্র্যাকটিশনার, খামারি এবং প্রাণিস্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
তিনি আশা প্রকাশ করেন, আরআরপি ফার্মাসিটিক্যালসের উৎপাদিত পণ্য ও আমদানিকৃত ভেটেরিনারি পণ্য প্রাণিস্বাস্থ্য খাতে যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে খামারিরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে সক্ষম হবেন। পাশাপাশি গুণগত মানসম্পন্ন পণ্য ও কার্যকর বিপণন ব্যবস্থার মাধ্যমে দেশের প্রাণিস্বাস্থ্য খাতের উন্নয়নে প্রতিষ্ঠানটি আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
মোহাম্মদ আবদুল্লাহ ১৯৬৭ সালে কিশোরগঞ্জ জেলার হসেনপুর উপজেলার বাসুরচর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক কন্যাসন্তানের জনক।
প্রাণিস্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা মোহাম্মদ আবদুল্লাহকে একজন পরিচিত, নম্র, ভদ্র ও অমায়িক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন। তাঁদের প্রত্যাশা, তাঁর দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও নেতৃত্বের সমন্বয়ে আরআরপি ফার্মাসিটিক্যালস অচিরেই দেশের ভেটেরিনারি ও অ্যানিমেল হেলথ সেক্টরে অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পথে আরও এগিয়ে যাবে।