Friday, October 09, 2026
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন  টুকু
08, Oct 2026 | ফারমার্স এন্ড ফার্মিং

এগ্রিলাইফ২৪ ডটকম:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, প্রান্তিক পর্যায়ের খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। প্রান্তিক পর্যায়ে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক অর্থনীতিও আরও শক্তিশালী হবে।
 
আজ দুপুরে খুলনার দৌলতপুরে  আঞ্চলিক হাঁস প্রজনন খামার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে সব খামারিকে কৃষক কার্ডের আওতায় নিয়ে এসেছেন। তাদের কীভাবে প্রান্তিক পর্যায়ে আরও উন্নত করা যায় এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা যায়, সে লক্ষ্যে ধারাবাহিকভাবে কার্যক্রম চলছে।
 
তিনি বলেন, "ইতোমধ্যেই হ্যাচিং ডিম নাইজেরিয়ায় রপ্তানি করেছি। আমরা এর উৎপাদন বাড়াতে চাই। এই খাতটিকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। প্রধানমন্ত্রী এ বিষয়ে সার্বিক নজরদারি করছেন। আশা করছি প্রান্তিক পর্যায়ে খামারির সংখ্যা বাড়বে। কর্মসংস্থান বাড়বে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে।" 

প্রতিমন্ত্রী বলেন, তরুণরা যাতে এই খাতে এগিয়ে আসে, সে জন্য তাদের অনুপ্রাণিত করা হচ্ছে। ইতোমধ্যে অনেক তরুণ খামার করে সফলতা পেয়েছেন। আমরা তাদের ঋণ সুবিধাসহ সার্বিক সুবিধা দিচ্ছি। এই সেক্টরে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।
 
খুলনা দৌলতপুর আঞ্চলিক হাঁস প্রজনন খামারের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমাদের এই খামারের উন্নয়নের জন্য ইতোমধ্যে একটি প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে  খুলনার মানুষ যথাযথ সেবা পাবেন।
 
এ সময় উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো: বয়জার রহমানসহ প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft