Saturday, November 21, 2026
প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু
20, Nov 2026 | ফোকাস

এগ্রিলাইফ২৪ ডটকম:প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে টাঙ্গাইলে প্রায় এক হাজার এতিম শিক্ষার্থীর জন্য দুপুরের খাবারের আয়োজন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

আজ দুপুরে টাঙ্গাইল পৌর এলাকার বেবিস্ট্যান্ডে জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মধ্যে খাবার পরিবেশন করা হয়। খাবারের মেন্যুতে ছিল গরুর মাংস, ডাল ও ভাত। প্রতিমন্ত্রী নিজেও এতিম শিক্ষার্থীদের সঙ্গে বসে দুপুরের খাবার খান।

এর আগে ঢাকা থেকে টাঙ্গাইলে এসে প্রতিমন্ত্রী বেবিস্ট্যান্ড এলাকার টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনায় দোয়া চান।

জুমার নামাজ শেষে প্রতিমন্ত্রী মাদ্রাসা ও এতিমখানায় আয়োজিত খাবার পরিবেশন কার্যক্রমে অংশ নেন। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও মুসল্লিদের অংশগ্রহণে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহমেদুল হক সাতিল, সাবেক সহসভাপতি জিয়াউল হক শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা অনুষ্ঠানে অংশ নেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft