Monday, October 26, 2026
পূর্ণিমার আলো, জোয়ার আর চিংড়ির খোলস বদল: খামারিদের জন্য এক নিখুঁত বৈজ্ঞানিক সংযোগ!
25, Oct 2026 | গবেষণা ও ফিচার

শাহরিয়ার ইসলাম নয়ন:আজ পূর্ণিমা। পূর্ণিমা নামটার মধ্যেই যেন একটা ঐশ্বরিক সৌন্দর্য আর স্নিগ্ধতা লুকিয়ে আছে। ভরা চাঁদ, চারপাশ জুড়ে নির্মোহ ও স্নিগ্ধ আলোর খেলা যা প্রকৃতিতে এক অন্যরকম প্রশান্তি বয়ে আনে।

কিন্তু এই পূর্ণিমার রূপ কেবল আকাশের চাঁদে বা জোয়ার-ভাটার টানেই সীমাবদ্ধ নয়; এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের দেশের জলজ জীবন, নদ-নদী, মাছ আর খামারিদের সোনালী সম্ভাবনাবিশেষ করে আমাদের অতিপ্রিয় চিংড়ি চাষের অর্থনীতি!

পূর্ণিমা ও চিংড়ির খোলস বদলের (Moulting) বৈজ্ঞানিক সম্পর্কঃ
প্রকৃতির নিয়মে পূর্ণিমার রাতে জোয়ারের টানে জলরাশিতে বড় ধরনের পরিবর্তন আসে। চাঁদের মহাকর্ষীয় টানের প্রভাবে নদীর জলস্তর বাড়ে, পানির গতিপ্রকৃতি ও লবণের পরিমাণে তারতম্য ঘটে। আর এই পরিবেশগত পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়ে খোলসযুক্ত জলজ প্রাণীর ওপর, যার মধ্যে চিংড়ি অন্যতম।

পূর্ণিমার সময় ও ঠিক তার আশেপাশের দিনগুলোতে চিংড়ি খোলস পরিবর্তন বা 'মোল্টিং' (Moulting) করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। খোলস বদল চিংড়ির বৃদ্ধির স্বাভাবিক ও অনিবার্য প্রক্রিয়া। কিন্তু এই খোলস ছাড়ার সময়টা চিংড়ির জন্য বেশ ঝুঁকিপূর্ণ।

ঝুঁকির কারণ: খোলস শক্ত হওয়ার আগে শরীর অত্যন্ত নরম থাকে। এই সময়ে পর্যাপ্ত মিনারেল বা খনিজ উপাদানের ঘাটতি থাকলে খোলস শক্ত হতে দেরি হয়, ফলে অন্য চিংড়ির আক্রমণ বা কানি রোগ (Soft-shell syndrome)-এর কারণে খামারিরা মারাত্মক ক্ষতির মুখে পড়েন।

মিনারেলের ভূমিকা: খোলস সফলভাবে শক্ত করার জন্য চিংড়ির শরীরের ভেতরে এবং পানির পর্যাপ্ত মিনারেল (যেমন: ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ইত্যাদি) অত্যন্ত জরুরি। পূর্ণিমার আগেভাগেই পুকুরের পানিতে মিনারেলের মাত্রা ঠিক না রাখলে চিংড়ি সঠিক পুষ্টি পায় না।

খামারিদের জন্য জরুরি পরামর্শ: ডলোমাইটের সঠিক ব্যবহার
পূর্ণিমার এই প্রাকৃতিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে খামারিদের আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। বিশেষ করে পুকুরের পানির ক্ষারত্ব (Alkalinity), পিএইচ (pH) এবং মিনারেল ভারসাম্য বজায় রাখতে ডলোমাইট একটি জাদুকরী উপাদান।

প্রয়োজনীয় গাইডলাইন:
> পূর্ণিমার আগের দিনগুলোতে প্রতি শতাংশে ফুটপ্রতি ৫০ গ্রাম হারে ভালো মানের ডলোমাইট পুকুরে প্রয়োগ করা অত্যন্ত ফলদায়ক। এটি পানিতে প্রয়োজনীয় ক্যালসিয়াম সরবরাহ করে, পানির পিএইচ স্থিতিশীল রাখে এবং চিংড়িকে সহজে ও নিরাপদে খোলস পরিবর্তনে সহায়তা করে।
লেখক: (মেরিন বায়োলজিস্ট) 
সিনিয়র ম্যানেজার একুয়া-(সেলস অ্যান্ড মার্কেটিং)
আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, খুলনা জোন

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft