এগ্রিলাইফ২৪ ডটকম:রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য, মানসম্মত ও উন্নত করার লক্ষ্যে রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল কর্তৃক পরিচালিত হোসনেয়ারা মেমোরিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্স সেন্টার এবং রাজশাহী হার্ট ফাউন্ডেশন-এর মধ্যে এক দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (MoU) আজ শনিবার (৩ অক্টোবর) অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্বাক্ষরিত হয়েছে। এই যৌথ উদ্যোগ কেবল একটি আনুষ্ঠানিক চুক্তি নয় এটি রাজশাহীর সাধারণ মানুষের জন্য চিকিৎসা সহায়তার নতুন আশা এবং অর্থনৈতিক পুনরুজ্জীবন ও গতিশীলতার এই সময়ে স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে অর্থনৈতিক শক্তিকে আরও এগিয়ে নেওয়ার একটি ইতিবাচক পদক্ষেপ।
উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী হার্ট ফাউন্ডেশন-এর পক্ষে প্রফেসর মো. হবিবুর রহমান, পরিচালক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (NHFRI)। রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল-এর পক্ষে উপস্থিত ছিলেন ক্লাবের চ্যাটার প্রেসিডেন্ট রোটারিয়ান হাসিবুল হাসান নান্নু এবং প্রফেসর ড. সৈয়দ শাহ আলম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মো: মিজানুর রহমান, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ এবং রাজশাহী হার্ট ফাউন্ডেশনের অন্যান্য গণ্যমান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এই সমঝোতার ফলে রাজশাহী ও আশপাশের এলাকার মানুষ হৃদরোগ, ডায়াগনস্টিক সেবা ও বিশেষজ্ঞ পরামর্শে আরও সহজে, কম খরচে এবং নির্ভরযোগ্যভাবে সেবা পাবেন। স্বাস্থ্যসেবা খাতে এমন সমন্বয় সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে, কর্মক্ষম জনশক্তিকে সুস্থ রাখতে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখতে সহায়তা করবে। সুস্থ মানুষই উন্নত সমাজ ও সচল অর্থনীতির মূল শক্তি এই বিশ্বাস থেকেই এই উদ্যোগ।
রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল ও রাজশাহী হার্ট ফাউন্ডেশন মনে করে, মানবকল্যাণের এই ধারা অব্যাহত থাকলে রাজশাহী অঞ্চলে স্বাস্থ্যসেবার পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নও বেগবান হবে। এই যৌথ উদ্যোগের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ আরও মানসম্মত ও উন্নত স্বাস্থ্যসেবা পাবেন বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী। স্বাস্থ্যসেবায় মানবকল্যাণের এই ধারা অব্যাহত থাকুক; সুস্থ রাজশাহী, সমৃদ্ধ রাজশাহী গড়ে উঠুক এই কামনা।