Sunday, August 16, 2026

রাজশাহীতে সারের সংকট নেই, পাচার রোধে কঠোর নজরদারির নির্দেশ কৃষি সচিবের

15, Aug 2026 | ফোকাস

কৃষিবিদ মোছা: ফরিদা ইয়াছমিনঃদেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত সার মজুদ রয়েছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। একই সঙ্গে কৃষকদের জন্য বরাদ্দকৃত সার যাতে কোনোভাবেই প্রতিবেশী দেশে পাচার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন তিনি।

আজ শনিবার (১৫ আগস্ট) রাজশাহী অঞ্চলের কৃষি কার্যক্রম, মাঠ পর্যায়ে সার ব্যবস্থাপনা ও কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, সার ডিলার ও কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

সফরের প্রথম পর্বে সকাল সাড়ে ১০টায় রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের চান্দোপাড়া গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়িত ‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি প্রদর্শনী’র মাঠ দিবস ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি প্রদর্শনী কার্যক্রম পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে কৃষি সচিব বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো ও আয় বৃদ্ধির লক্ষ্যে সরকার সারে ভর্তুকি এবং বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছে। তিনি কৃষকদের পরিমিত ও সুষম সার ব্যবহারের আহ্বান জানান। একই সঙ্গে অসাধু সার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন। এ সময় মোহনপুরে পান গবেষণা ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

পরে বেলা ২টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘মাঠ পর্যায়ে সার ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ এনডিসির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব রাজশাহী অঞ্চলে সারের মজুদ, সরবরাহ ও বিতরণ পরিস্থিতির খোঁজখবর নেন।

তিনি বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার যথাসময়ে কৃষকের কাছে পৌঁছাতে হবে। সার সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি কোনো পর্যায়ে অনিয়ম বা পাচারের সুযোগ দেওয়া যাবে না। বিশেষ করে দেশের কৃষকদের জন্য বরাদ্দকৃত সার যাতে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশে পাচার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নজরদারি রাখার নির্দেশ দেন তিনি।

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, যুগ্মসচিব মো. খোরশেদ আলম, যুগ্মসচিব ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান, সচিবের একান্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমানসহ কৃষি মন্ত্রণালয়, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সার ডিলারদের প্রতিনিধিরাও অংশ নেন।

মতবিনিময় সভায় সার ডিলারদের কাছ থেকে মাঠ পর্যায়ের সার সরবরাহ ও বিতরণ পরিস্থিতি সম্পর্কে মতামত নেওয়া হয়। এ সময় সার ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও কৃষক পর্যায়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।   

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft