এগ্রিলাইফ২৪ ডটকম:খাগড়াছড়ির রামগড়ে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় আজ সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রামগড় হর্টিকালচার সেন্টার প্রাঙ্গণে এ চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুমন মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক শাহ মুহাম্মাদ শাহাওয়াত হোসেন। এ সময় কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক এবং ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় রামগড় উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের বীজতলা ও আমন চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনরায় চাষাবাদে ফিরিয়ে আনতে সরকারের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে উফশী রোপা আমন ধানের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সহায়তা কৃষকদের নতুন করে চাষাবাদে উৎসাহিত করার পাশাপাশি খাদ্য উৎপাদন স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুমন মিয়া বলেন, বন্যায় অনেক কৃষকের বীজতলা নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের অংশ হিসেবে বিনামূল্যে উফশী রোপা আমনের চারা দেওয়া হচ্ছে। এসব চারা রোপণের মাধ্যমে কৃষকরা দ্রুত ক্ষতি কাটিয়ে পুনরায় উৎপাদনে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কাজী শামীম বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ঘুরে দাঁড়াতে প্রয়োজনীয় সরকারি সহায়তা অব্যাহত থাকবে। কৃষি উৎপাদন সচল রাখতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য এ ধরনের পুনর্বাসন সহায়তা কৃষি উৎপাদন পুনরুদ্ধার, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।