মো: আমিনুল ইসলাম:রাজশাহীর পবা উপজেলায় রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় উপজেলার ৮ হাজার ৪৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পবা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহম্মদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরিষা, মসুর, খেসারি ও অড়হরের মতো ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণের মাধ্যমে কৃষকের চাষাবাদে সহায়তা করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ কৃষকের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি ফসলের আবাদ সম্প্রসারণে সহায়ক হবে। তিনি প্রণোদনার সুবিধা প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং কৃষকদের প্রদত্ত উপকরণ সঠিকভাবে ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। কৃষকেরা এসব উপকরণ যথাযথভাবে ব্যবহার করলে সরিষা, মসুর, খেসারি ও অড়হরের উৎপাদন বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, এ কর্মসূচির আওতায় ৭ হাজার ৫০০ জন কৃষককে সরিষার বীজ, ৮০০ জনকে মসুরের বীজ, ১০০ জনকে খেসারির বীজ এবং ৩০ জনকে অড়হরের বীজ প্রদান করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট ফসলের চাষাবাদের জন্য প্রয়োজনীয় রাসায়নিক সারও বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে উপজেলার মোট ৮ হাজার ৪৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষি সহায়তা পাচ্ছেন।
এর ফলে কৃষকের আর্থিক লাভের পাশাপাশি দেশের সামগ্রিক কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা জোরদার হবে। সরকারের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মতিউর রহমান, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. নুরুন্নবী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শাহীনুল হক এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম।