এগ্রিলাইফ২৪ ডটকম: গতকাল ১৩ নভেম্বর সন্ধ্যা ৬টায় রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের স্বাক্ষর প্রকল্প হোসনেয়ারা মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টারের কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সেন্টারের সভাপতি রোটারিয়ান প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকলকে শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
সভার শুরুতে সেক্রেটারি রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ সভার এজেন্ডা বিষয়ে সকলে মতামত প্রদানের জন্য অনুরোধ জানান এবং মানবসেবা অভিযানের ব্রাঞ্চ ম্যানেজার মো. হাসিমুদ্দিনের সাথে তাদের প্রতিষ্ঠানে আগামী কয়েক দিনের মধ্যে একটি বিশেষ সেবা কর্মসূচি নেওয়ার আহ্বান জানান।
সভায় সেন্টারের চলমান কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা করা হয়। সেন্টারের ম্যানেজার মো. রবিউল ইসলাম শান্ত জানান, এযাবৎ প্রায় চার শতাধিক রোগী পরামর্শ ও ডায়াগনস্টিক সেবা গ্রহণ করেছেন। আগামী দিনের পরিকল্পনা ও উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে আলোচনায় রোটারিয়ান মো. আকবর আলী খান সেন্টারের আশে-পাশের দোকান ও অফিসগুলোকে অবহিত করার পরামর্শ দেন। সভা শেষে সকলে মিলে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়।
রোগীদের সেবার মান উন্নয়নে করণীয় নির্ধারণে রোটারিয়ান ড. মো. গোলাম মওলা আগত সেবা গ্রহীতাদের সাথে সুন্দর ব্যবহারের জন্য অফিস কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিভিন্ন কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের ভিজিট প্রসঙ্গে সেন্টারের অনারারি পরিচালক মীর শফিকুল ইসলাম মিলন জানান, ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের ভিজিট সম্পন্ন হয়েছে। তাদের কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়েছে, যার ভিত্তিতে উন্নয়ন সাধন করে কাজ পরিচালিত হচ্ছে। রোটারিয়ান মো. মিজানুর রহমান আগামী সভায় উত্তরন মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন।
সভায় হোসনেয়ারা মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টারের ডেপুটি ম্যানেজার মো. কামালসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্টাফগণ উপস্থিত ছিলেন।