Sunday, October 18, 2026
সার বিতরণে অনিয়ম ও দুর্নীতি প্রমানিত হলে তাৎক্ষণিক ডিলারশীপ বাতিল- জেলা প্রশাসক,মানিকগঞ্জ
17, Oct 2026 | ফোকাস

এগ্রিলাইফ২৪ ডটকম:সার বিতরণে অনিয়ম ও দুর্নীতি প্রমানিত হলে তাৎক্ষণিক ডিলারশীপ বাতিলের ঘোষণা দিয়েছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।

১৭ অক্টোবর ২০২৬  (শনিবার) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত 'সারের ডিলারশিপ চুক্তি ও অঙ্গীকারনামা স্বাক্ষর, সার উত্তোলন, মজুতকরণ, বিতরণ ও সার ব্যবস্থাপনা' বিষয়ক অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্যদানকালে এ ঘোষণা দেন। 

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক শাহজাহান সিরাজ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মজিবুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার ও আসাদুজ্জামান খান দোলন, মানিকগঞ্জ জেলা সার সমিতির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শামীম ও মানিকগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিহির।

জেলা প্রশাসক এবং জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি নাজমুন আরা সুলতানা বলেন, 'কৃষকদের কাছে সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা, সার মজুত ও বিতরণে শৃঙ্খলা বজায় রাখা এবং সার ব্যবস্থাপনা-সংক্রান্ত নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করতে হবে। এর ব্যতিক্রম হলে কাউকে ছাড় দেওয়া হবে না। ডিলাররাদের মধ্যে কেউ অনিয়ম বা দুর্নীতি করলে তাৎক্ষনিকভাবে তার ডিলারশীপ বাতিল করা হবে।'

সভার শুরুতে জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক শাহজাহান সিরাজ সদ্য নিয়োগপ্রাপ্ত সার ডিলারদের সঙ্গে ডিলারশিপ চুক্তি ও অঙ্গীকারনামা স্বাক্ষর এবং সার উত্তোলন, মজুতকরণ, বিতরণ ও সার ব্যবস্থাপনা- সংক্রান্ত প্রবন্ধ উপস্থাপন করেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft