এগ্রিলাইফ২৪ ডটকম: ধান ক্ষেতে পর্যায়ক্রমে ভিজানো ও শুকানো বা Alternate Wetting and Drying (AWD) পদ্ধতি প্রয়োগে পানি সাশ্রয় ও ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বোরো ধানের প্রদর্শনী প্লটে AWD পদ্ধতি প্রয়োগের মাধ্যমে অর্জিত ফলাফল ও অভিজ্ঞতা পর্যালোচনায় আজ বুধবার ( ২সেপ্টেম্বর) অনুষ্ঠিত এক কর্মশালায় এ আহ্বান জানানো হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), সাতক্ষীরার প্রশিক্ষণ কক্ষে এ অভিজ্ঞতা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়। সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। কর্মশালায় সভাপতিত্ব করেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া, খুলনা অঞ্চলের ম্যানেজার-সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কৃষিবিদ মোস্তফা নুরুল ইসলাম।
কর্মশালার শুরুতে কৃষিবিদ মোস্তফা নুরুল ইসলাম প্রকল্পের মেয়াদে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। পরে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস এবং উত্তরণের ট্রেনিং অফিসার কৃষিবিদ নাবিলা আজহার মাঠে স্থাপিত বোরো ধানের প্রদর্শনী প্লটে AWD পদ্ধতি প্রয়োগের মাধ্যমে অর্জিত ফলাফল ও অভিজ্ঞতার ওপর পৃথক উপস্থাপনা দেন।
উপস্থাপনায় AWD পদ্ধতি প্রয়োগের বিভিন্ন কৌশল, সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়। বিশেষ করে ধান ক্ষেতে সেচ ব্যবস্থাপনা, AWD ডিভাইসের যথাযথ ব্যবহার এবং নির্ধারিত সময় অনুযায়ী সেচ প্রদানের বিষয়ে কৃষকদের সচেতনতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম বলেন, AWD নতুন কোনো প্রযুক্তি নয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনেক আগে থেকেই কৃষকদের মাঠ পর্যায়ে এ প্রযুক্তি অনুশীলনে উৎসাহিত করে আসছে। তবে এখনো AWD ব্যবহারের তেমন সফলতার গল্প তৈরি হয়নি। এর অন্যতম কারণ হিসেবে তিনি কৃষকদের মধ্যে AWD ডিভাইসের ব্যবহার এবং ধান ক্ষেতে সেচ প্রদানের সঠিক সময়সূচি সম্পর্কে পর্যাপ্ত সচেতনতার অভাবকে চিহ্নিত করেন।
তিনি AWD প্রযুক্তি সম্প্রসারণে সংশ্লিষ্ট ডিএই কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ডিএই-এর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনী প্লটে পানি সাশ্রয়ী প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর ওপর গুরুত্বারোপ করেন।
সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার কৃষিবিদ গোলাম মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় অংশ নেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোসাদ্দেক হোসেন, অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মোঃ জামাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার এনামুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম ও তাপস রায়সহ AWD পদ্ধতি প্রয়োগকারী কৃষকরা।
আলোচনায় অংশগ্রহণকারী বক্তারা AWD-কে একটি কার্যকর ও পানি সাশ্রয়ী প্রযুক্তি হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে আগামী বোরো মৌসুমে আরও বেশি জমিতে AWD পদ্ধতি প্রয়োগ এবং কৃষকদের এ প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার মতামত দেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ ইকবাল ওয়াটার ক্লাস্টার অফিসার নাজমুল বাশার, মাজহারুল ইসলাম, মোঃ মশিয়ুর রহমান, মোঃ জামাল উদ্দিন, আশুরা পারভীন, মোঃ কামরুজ্জামান ও খোকন রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকল্পকর্মী ও কৃষকবৃন্দ।