Friday, November 20, 2026
শীতকালে মাছের খাদ্যের নিউট্রিশন ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনাঃ পুষ্টিবিদ সাইফি নাসির
19, Nov 2026 | গবেষণা ও ফিচার

বাংলাদেশে শীতকালে মাছ চাষে খাদ্য ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো মাছের কমে যাওয়া বিপাকীয় কার্যক্রমের সঙ্গে খাদ্যের পুষ্টিমান, হজমযোগ্যতা, খাওয়ার পরিমাণ এবং খাদ্য রুপান্তর হার (FCR)-এর সমন্বয় করা। এ সময় শুধু প্রোটিন বা তেলের মাত্রা বাড়িয়ে দিলেই ভালো ফল পাওয়া যায় না। মাছের প্রজাতি, পানির তাপমাত্রা, দ্রবীভূত অক্সিজেন, মাছের আকার এবং খাদ্যের প্রকৃত গ্রহণক্ষমতা বিবেচনা করতে হবে।

শীতকালে মাছের শরীরে কী পরিবর্তন হয়? 
পানির তাপমাত্রা কমে গেলে কার্প, তেলাপিয়া, পাংগাস ও কৈ মাছের মতো উষ্ণতানির্ভর মাছের ক্ষেত্রে সাধারণত নিচের পরিবর্তনগুলো দেখা যায়।
১. খাদ্য গ্রহণ কমে যেতে পারে।
২. পরিপাক, এনজাইমের কার্যক্রম ও পুষ্টি শোষণের গতি কমতে পারে।
৩. বৃদ্ধি ও দৈনিক ওজন বৃদ্ধির হার (ADG) কমে যেতে পারে।
৪. খাদ্য অবশিষ্ট থাকলে জৈব বর্জ্য ও পানির গুণগত সমস্যা বাড়তে পারে।
৫. দীর্ঘস্থায়ী ঠান্ডা ও পরিবেশগত চাপের কারণে রোগ প্রতিরোধক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

পুষ্টিবিদ সাইফি নাসির গুরুত্বসহকারে বলেন সব মাছের ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব এক নয়। একই তাপমাত্রায় তেলাপিয়া, কার্প ও কৈ মাছের খাদ্য গ্রহণের প্রতিক্রিয়া আলাদা হতে পারে। তাই ক্যালেন্ডার অনুযায়ী নয়, বরং পানির প্রকৃত তাপমাত্রা ও মাছের খাওয়ার আচরণ দেখে খাদ্য ব্যবস্থাপনা করতে হবে।

শীতকালীন ফিশ ফিডের পুষ্টি উপাদানে কী পরিবর্তন করতে হবে? 
শীতকালীন ফিড ফর্মুলেশনের ক্ষেত্রে প্রধান লক্ষ্য হবে কম খাদ্য গ্রহণের মধ্যেও প্রয়োজনীয় হজমযোগ্য পুষ্টি সরবরাহ করা, অপাচ্য উপাদান কমানো এবং মাছের রক্ষণাবেক্ষণ শক্তির চাহিদা পূরণ করা।

প্রোটিন (Crude protein ও digestible protein): মাছের প্রজাতি, সাইজ এবং বর্তমান ফিড গ্রহণ অনুযায়ী প্রোটিনের মাত্রা নির্ধারণ করতে হবে। ভালো মানের ফিশমিল, সয়াবিন মিল ও অন্যান্য হজমযোগ্য প্রোটিন উৎস ব্যবহার নিশ্চিত করা। শুধু শীতকাল এসেছে বলে CP ২–৫% বাড়িয়ে দেওয়া বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। অ্যামিনো অ্যাসিডের ভারসাম্য, বিশেষত লাইসিন ও মেথিওনিনের পর্যাপ্ততা নিশ্চিত করতে হবে।

লিপিড ও শক্তি (Lipid and digestible energy): খাদ্যে পর্যাপ্ত হজমযোগ্য শক্তি নিশ্চিত করা। মাছের প্রজাতি অনুযায়ী উপযুক্ত তেল এবং অপরিহার্য ফ্যাটি অ্যাসিড সরবরাহ করা জরুরি। প্রোটিনকে শুধু শক্তির উৎস হিসেবে ব্যবহার হওয়া থেকে বাঁচাতে প্রোটিন-শক্তির অনুপাত ঠিক রাখতে হবে। অপ্রয়োজনীয়ভাবে তেল বাড়ালে ফিডের মান, অক্সিডেশন ও উৎপাদন খরচের সমস্যা হতে পারে।

ভিটামিন ও মিনারেল: ভিটামিন C, E এবং অন্যান্য প্রয়োজনীয় ভিটামিন-মিনারেলের পর্যাপ্ততা নিশ্চিত করা। দীর্ঘমেয়াদি স্টোরেজ বা অক্সিডেশনের কারণে ভিটামিনের কার্যকারিতা কমছে কি না যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ।প্রিমিক্সের সঠিক ডোজ, সমসত্ত্ব মিশ্রণ এবং উৎপাদন প্রক্রিয়ায় তাপের প্রভাব বিবেচনা করে প্রোডাকশন নিশ্চিত করতে হবে। শুধু শীতের জন্য অতিরিক্ত ভিটামিন দেওয়ার পরিবর্তে ঘাটতি ও স্থিতিশীলতার ভিত্তিতে ফর্মুলেশন করা।

স্টার্চ, ফাইবার ও পেলেটের গুণমান: স্টার্চের জেলাটিনাইজেশন ও পেলেটের হজমযোগ্যতা নিশ্চিত করা দরকার বেশি কারণ অতিরিক্ত ফাইবার ও নিম্নমানের কাঁচামাল দিলে হজম প্রক্রিয়া ব্যাহত হবে।মাছের মুখের আকার অনুযায়ী পেলেট সাইজ নির্বাচন জরুরি। পানিতে স্থায়িত্ব, ফিডের ক্ষয় এবং ভেসে থাকা বা ডুবে যাওয়ার বৈশিষ্ট্য মাছের খাদ্য গ্রহণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখাটা জরুরি।

পুষ্টিবিদ সাইফি নাসির বিশেষভাবে গুরুত্ব দিয়ে উল্লেখ করেন কম তাপমাত্রায় মাছের বিপাক ও খাদ্য গ্রহণ হ্রাস পাওয়ার কারণে উচ্চ হজমযোগ্যতা ও সঠিক পুষ্টি শক্তির ভারসাম্য বজায় রাখা জরুরি।   

কোন পুষ্টি উপাদান কত শতাংশ রাখবেন? 
একটি নির্দিষ্ট শীতকালীন CP, fat বা energy percentage সব মাছের জন্য প্রযোজ্য নয়। নিচের তথ্যগুলো ফর্মুলেশন তৈরির পুষ্টি উপাদান নির্দেশনা হিসেবে কাজ করে থাকে।

  • Crude protein (CP): প্রজাতি, মাছের ওজন, বৃদ্ধির লক্ষ্য ও অ্যামিনো অ্যাসিডের চাহিদা অনুযায়ী হয়ে থাকে
  • Crude lipid (CFat): প্রজাতি ও লাইফ-স্টেজের উপযোগী মাত্রায়; অতিরিক্ত নয়
  • Digestible energy (DE): প্রোটিনের সঙ্গে সঠিক অনুপাতে; শুধু CP দেখে নয়
  • Available/digestible phosphorus প্রজাতির চাহিদা, কাঁচামালের প্রাপ্যতা ও হজমযোগ্যতা অনুযায়ী হতে হবে
  • Vitamin C ও E চাহিদা, প্রিমিক্সের মান, সংরক্ষণ ও প্রক্রিয়াজনিত ক্ষতি বিবেচনায় হয়ে থাকে
  • Lysine, methionine:  প্রোটিনের উৎস ও মোট অ্যামিনো অ্যাসিড প্রোফাইল অনুযায়ী করতে হবে
  • Fiber ও antinutritional factors: যতটা সম্ভব নিয়ন্ত্রিত রেখে হজমযোগ্যতা উন্নত করা। 

ফিডমিলের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় সতর্ক করে পুষ্টিবিদ সাইফি নাসির বলেন শীতকালে নতুন ফর্মুলেশন তৈরির আগে বর্তমান ফিডের CP, lipid, moisture, ash, pellet quality এবং কাঁচামালের digestibility যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। তারপর পরিবর্তন পরিবর্ধন করা যেতে পারে এবং শুধু CP বাড়িয়ে ফলাফল অনুমান করা যৌক্তিক নয়।

পানির তাপমাত্রা অনুযায়ী খাদ্য দেওয়ার কৌশল 
বাংলাদেশের পুকুরে শীতকালে সকালে ও রাতে পানির তাপমাত্রা আলাদা হতে পারে। তাই প্রতিদিনের তাপমাত্রা এবং মাছের খাদ্য গ্রহণ পর্যবেক্ষণ করা উচিত। পানির তাপমাত্রা ২৫–৩০°C অনেক উষ্ণ যা মাছের জন্য অনুকূল বৃদ্ধির পরিবেশ এবং  স্বাভাবিক প্রজাতি-উপযোগী রেশন বজায় রাখা যাবে। ২০–২৫°C মাছের খাদ্য গ্রহণ পর্যবেক্ষণ করে রেশন সমন্বয় করতে হবে। ১৬–২০°C প্রজাতিভেদে খাদ্য গ্রহণ কমতে পারে পারে এবং  ছোট পরিমাণে দিয়ে প্রতিক্রিয়া দেখে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। ১২–১৬°C খাদ্য গ্রহণ উল্লেখযোগ্যভাবে কমতে পারে; জোর করে খাওয়ানো যাবে না। ১২°C-এর নিচে ঠান্ডাজনিত ঝুঁকি বেশি; খাদ্য গ্রহণ ও মাছের অবস্থা সতর্কভাবে মূল্যায়ন করা আবশ্যক। 

মৎস্য খামারীদের অবগতির জন্য পুষ্টিবিদ সাইফি নাসির জানান ব্যবহারিক সতর্কতা, পরিসর, সর্বজনীন feeding chart এক নয়। কার্প, পাংগাস, কৈ ও তেলাপিয়ার তাপমাত্রাগত সহনশীলতা এক নয়। দৈনিক ফিড ব্যবস্থাপনায় ৫টি পদক্ষেপ নেওয়া অতীব গুরুত্বপূর্ন।  খাওয়ানোর সময় পানি কিছুটা উষ্ণ হওয়ার পর সকালে মাছের সক্রিয়তা দেখে খাবার দিতে হবে। বিকেলে মাছ সক্রিয় থাকলে দ্বিতীয়বার দেওয়া যাবে। একবারে বেশি না দিয়ে ছোট পরিমাণে দিতে হবে। আগের খাবার অবশিষ্ট থাকলে পরবর্তী রেশন কমাতে হবে। প্রতি ১০–১৫ দিন বা প্রয়োজনমতো নমুনা ওজন নিয়ে বায়োমাস ও দৈনিক রেশন পুনর্নির্ধারণ করা দরকার।এছাড়া ভোরের দ্রবীভূত অক্সিজেন (DO), তাপমাত্রা এবং প্রয়োজনে অ্যামোনিয়া ও নাইট্রাইট পরীক্ষা করা এবং প্রতিদিনের ফিড ইনটেক, মাছের আচরণ, মৃত্যুহার ও FCR নথিভুক্ত করা জরুরি। 

শীতকালীন ফিডে কোন কার্যকরী উপাদান বিবেচনা করা যায়? 
পুষ্টিবিদ সাইফি নাসির ফিশ ফিড ফর্মুলেশনের কিছু উপাদানের গুরুত্ব, প্রয়োজন এবং নির্দিষ্ট পরিস্থিতিতে কিভাবে কাজ করবে বা কতটুকু নিস্ক্রিয় থাকবে তার চিহ্নিত করতে গিয়ে বিশদভাবে বলেন প্রোবায়োটিক অন্ত্রের মাইক্রোবায়াল ভারসাম্য ও হজমে সহায়তা করে। প্রিবায়োটিক উপকারী অন্ত্রের জীবাণুর জন্য সাবস্ট্রেট হিসেবে কাজ করে থাকে।

এনজাইম নির্দিষ্ট কাঁচামালের পুষ্টি হজমে সহায়তা সাবস্ট্রেট করে। ভিটামিন C ও E স্বাভাবিক অ্যান্টিঅক্সিডেন্ট ও শারীরবৃত্তীয় কার্যক্রমে সহায়তা প্রদান করে এবং ফসফোলিপিড ও অপরিহার্য ফ্যাটি অ্যাসিড বিশেষত ছোট মাছের স্বাভাবিক বৃদ্ধি ও কোষীয় কার্যক্রম তরান্বিত করে থাকে। শীতকালীন ফিডে এসব উপাদান যোগ করার আগে নিয়ন্ত্রণ খাদ্যের সঙ্গে তুলনামূলক ট্রায়াল করা উত্তম। শুধু কোনো অ্যাডিটিভ যোগ করলেই FCR বা রোগ প্রতিরোধক্ষমতা উন্নত হবে এমন নিশ্চয়তা নেই।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft