Monday, September 21, 2026
শেকৃবি ও অটো ক্রপ কেয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর-চালু হচ্ছে ‘কাজী এ এফ এম জয়নুল আবেদীন মেমোরিয়াল ফেলোশিপ’
25, Aug 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

শেকৃবি প্রতিনিধি:কৃষি গবেষণা, উদ্ভাবন এবং মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এবং অটো ক্রপ কেয়ার লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার আওতায় বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য চালু করা হচ্ছে ‘কাজী এ এফ এম জয়নুল আবেদীন মেমোরিয়াল ফেলোশিপ’, যার মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি, বীমা এবং গবেষণাসহ বিভিন্ন শিক্ষাসহায়তা প্রদান করা হবে।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম এবং অটো ক্রপ কেয়ার লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক কাজী এহসানুল আবেদীন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “অটো ক্রপ কেয়ার দেশের কৃষি উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কৃষি শিক্ষার উন্নয়ন ও গবেষণায় তাদের এই অংশীদারিত্বকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি, এই ফেলোশিপ আমাদের মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি সম্মানজনক সুযোগ সৃষ্টি করবে এবং গবেষণা ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের এ ধরনের সহযোগিতা দেশের কৃষি উন্নয়নকে আরও গতিশীল করবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্র‍্যাজুয়েট স্টাডিজ, কৃষি, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট, এবং এএসিভএম অনুষদের ডিন,  আইসিটি'র পরিচালক, শিক্ষক, গবেষক, কর্মকর্তা এবং অটো ক্রপ কেয়ার লিমিটেডের পরিচালক কাজী আরহাম আবেদিন, কাজী আতেক আবেদিনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের আওতায় ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীকে প্রতি মাসে ৭ হাজার ৫০০ টাকা হারে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে, যা বছরে ৯০ হাজার টাকা। পাশাপাশি শিক্ষার্থীর ভর্তি ফি, বিশ্ববিদ্যালয় আয়োজিত শিক্ষা সফরের ব্যয় বহন করা হবে। এছাড়া ফেলোশিপধারীরা ১ লাখ টাকার চিকিৎসা বীমা, ৫ লাখ টাকার সাধারণ জীবন বীমা এবং দুর্ঘটনাজনিত কারণে ১০ লাখ টাকার জীবন বীমা সুবিধা পাবেন। এই ফেলোশিপের মাধ্যমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও গবেষকদের গবেষণা কার্যক্রমে সহায়তা, কৃষি প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহ প্রদান, শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ উদ্যোগ শিক্ষা, গবেষণা ও শিল্পখাতের মধ্যে একটি টেকসই অংশীদারিত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।

অটো ক্রপ কেয়ার লিমিটেডের প্রতিষ্ঠাতা কাজী এ এফ এম জয়নুল আবেদীন ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান কৃষি ইনস্টিটিউটের (বর্তমান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়) ১৯৫৩ সালের একজন মেধাবী শিক্ষার্থী। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ফেলোশিপ চালুর উদ্যোগকে বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে অভিহিত করেছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও অটো ক্রপ কেয়ার লিমিটেড আশা প্রকাশ করেছে, এই সমঝোতা স্মারক এবং ‘কাজী এ এফ এম জয়নুল আবেদীন মেমোরিয়াল ফেলোশিপ’ ভবিষ্যতে কৃষি শিক্ষা, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং মানবসম্পদ উন্নয়নে একটি কার্যকর মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft