Friday, October 09, 2026
শেকৃবিতে ‘মাজেন্ডা হাব’ পরিদর্শন করলেন আন্তর্জাতিক প্রতিনিধি দল
08, Oct 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

শেকৃবি প্রতিনিধি:শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত 'মাজেন্ডা' (MAGENDA - Mainstanding GENDER equality in Academia) প্রকল্পের নবনির্মিত 'মাজেন্ডা হাব' এবং সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন দেশি-বিদেশি এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

আজ বৃহস্পতিবার (৮'ই অক্টোবর)  দুপুর ২টায় পরিদর্শনকালে প্রকল্পের কোঅর্ডিনেটর ও নেপালের পোখরা বিশ্ববিদ্যালয়ের ড. নামরাজ ধামী শেকৃবিতে 'মাজেন্ডা হাব'-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

পরিদর্শনকারী প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শেকৃবির অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুল হক কাজল ও অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, গ্রিসের পেলোপনিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অ্যান্টোনিওস ক্লাপসিস, ব্রাসেলসের রিডল্যাব-এর প্রতিনিধি মিস মনিকা ড্যানিয়েলা কোসম, গ্রিসের কেএমওপি (KMOP)-এর প্রতিনিধি মিস আসিমিনা গিয়ানৌলি, বেলজিয়ামের ফ্রি বিশ্ববিদ্যালয়ের গবেষক মিস রুওক্সিন সু, নেপালের ফার ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ড. গম্ভীর বাহাদুর চাঁদ এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে শেকৃবির বিভিন্ন অনুষদের সম্মানিত ডিনবৃন্দ, নেপালের পোখরা ও ফার ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং শেকৃবি স্টুডেন্ট এ্যাম্বাসেডররা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে দেশি-বিদেশি অতিথিরা শেকৃবির কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে গড়ে তোলা এই হাবটির বিভিন্ন প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। তারা বিশ্ববিদ্যালয়ে জেন্ডার সমতা প্রতিষ্ঠা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের মেধা ও নেতৃত্ব বিকাশে শেকৃবি মাজেন্ডা টিমের নেওয়া নানামুখী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে আন্তর্জাতিক এই প্রতিনিধি দল ভবিষ্যৎ কার্যক্রমে শেকৃবির এই তরুণ শিক্ষার্থীদের আরও সক্রিয় অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft