Friday, August 21, 2026

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ওয়েভ ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

20, Aug 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

এগ্রিলাইফ২৪ ডটকম:জীববৈচিত্র্য সংরক্ষণ, কৃষি-বাস্তুবিদ্যা, টেকসই কৃষি শিক্ষা, গবেষণা এবং কৃষি উন্নয়নে সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এবং ওয়েভ ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আমরা পৃথিবীতে এসে যে পরিবেশ পেয়েছি, তার চেয়ে ভালো অবস্থায় পরিবেশটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে হবে। তবেই একদিন পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। তিনি বলেন, “পৃথিবীতে যত আবিষ্কার হয়েছে, প্রায় প্রতিটি আবিষ্কারের সঙ্গে কোনো না কোনো গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা রয়েছে। বাংলাদেশে এই প্রথম কোনো উন্নয়ন সংস্থা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ ধরনের সমঝোতা স্মারক স্বাক্ষর করল। এজন্য আমি ওয়েভ ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানাই।” তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে অ্যাগ্রোইকোলজি শিক্ষা ও গবেষণার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল বাশার ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ফিজিওলজি ল্যাব স্থাপনের জন্য প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও ওয়েভ ফাউন্ডেশনের এ অংশীদারিত্ব কৃষি খাতে উদ্ভাবন, জ্ঞান বিনিময় এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমঝোতা স্মারকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার কৃষিবিদ মো. নজরুল ইসলাম এবং ওয়েভ ফাউন্ডেশনের পক্ষে নির্বাহী পরিচালক মো. মহসিন আলী স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়েল্টহাঙ্গারহিলফে (WHH)-এর ফুড সিস্টেমস প্রকল্পের প্রধান ফয়সাল আহমেদ, ওয়েভ ফাউন্ডেশনের গ্রিন ইভোলিউশন প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আনিসুর রহমান এবং সহকারী পরিচালক নির্মল দাসসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই সমঝোতার আওতায় গ্রিন ইভোলিউশন প্রকল্পের অধীনে অ্যাগ্রোইকোলজি (Agroecology) বিষয়ক কর্মমুখী কারিকুলাম প্রণয়ন, শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, গবেষণা, দক্ষতা বৃদ্ধি এবং টেকসই কৃষি চর্চা সম্প্রসারণে যৌথভাবে কাজ করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

উল্লেখ্য, ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়িত গ্রিন ইভোলিউশন প্রকল্প জার্মান সরকারের সহযোগিতা এবং ওয়েল্টহাঙ্গারহিলফে (Welthungerhilfe-WHH)-এর সমর্থনে পরিচালিত হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে টেকসই কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণে কার্যকর অবদান রাখার প্রত্যাশা করা হচ্ছে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft