ক্যাম্পাস প্রতিনিধি:শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (গ্রেড-৩), শিক্ষা ও বৃত্তি শাখার কৃষিবিদ খন্দকার সেলিম রেজা এবং সহকারী রেজিস্ট্রার (উচ্চতর গ্রেড), ডিন, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ শাখার জনাব এ. কে. এম. কামরুজ্জামান-এর অবসরজনিত বিদায় উপলক্ষে এক আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোছাঃ নূর মহল আখতার বানু।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ বিদায়ী দুই কর্মকর্তার দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, সততা ও দক্ষতার ভ‚য়সী প্রশংসা করেন। তিনি বলেন, তাঁদের কর্মনিষ্ঠা, দায়িত্বশীলতা ও আন্তরিকতা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে সমৃদ্ধ করেছে এবং সহকর্মীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বিদায়ী দুই কর্মকর্তার সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধ অবসরজীবন কামনা করেন।
বিশেষ অতিথিবৃন্দও বিদায়ী দুই কর্মকর্তার কর্মজীবনের বিভিন্ন অবদানের কথা স্মরণ করেন এবং তাঁদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বিদায়ী দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। আবেগঘন পরিবেশে সহকর্মীরা তাঁদের সঙ্গে দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতিচারণ করেন এবং তাঁদের ভবিষ্যৎ জীবনের জন্য আন্তরিক শুভকামনা জানান।
অনুষ্ঠানটি কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।