Wednesday, September 30, 2026
সিকৃবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরের মতবিনিময় সভা
29, Sep 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

সিকৃবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনয়নের লক্ষ্যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার ।

মতবিনিময়কালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বলেন, “আমাকে ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব প্রদান করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে। তবে আমাদের যে সুযোগ-সুবিধা ও সম্পদ রয়েছে, তা যথাযথভাবে কাজে লাগিয়ে সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, নিয়মিত ক্লাস ও পরীক্ষা গ্রহণ এবং একাডেমিক ক্যালেন্ডার যথাযথভাবে অনুসরণের বিষয়ে আমাদের সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং উন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে যে ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন, তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে।

সর্বোপরি, আমরা সবাই এই বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য। পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে হবে। এ জন্য তিনি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সিকৃবির রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা এর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড.এ.টি.এম মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মুক্তারুন ইসলাম ও প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম। 

সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft