Friday, October 30, 2026
সিরাজগঞ্জে বারটানের উদ্যোগে নারীদের স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
30, Oct 2026 | ফোকাস

মোঃ গোলাম আরিফ:সিরাজগঞ্জে নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, বয়সভিত্তিক পুষ্টি চাহিদা সম্পর্কে ধারণা প্রদান এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতামূলক ০১ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জ এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ পরিচালনা করেন বারটান সিরাজগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এ মজিদ মন্ডল এবং সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব সাদ্দাম হোসেন ও জনাব মশিউর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা বৃদ্ধি শুধু তাঁদের ব্যক্তিগত সুস্বাস্থ্যের জন্যই নয় বরং একটি সুস্থ পরিবার ও পুষ্টিসমৃদ্ধ প্রজন্ম গড়ে তোলার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কিশোরী বয়স থেকেই সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ মাতৃস্বাস্থ্য এবং শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। পরিবারের খাদ্যাভ্যাস নির্ধারণ, শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই নারীদের মধ্যে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক সঠিক জ্ঞান ও সচেতনতা ছড়িয়ে দেওয়া সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, পুষ্টিকর খাবার গ্রহণ, পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদ পানি পান, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে অনেক রোগের ঝুঁকি কমানো সম্ভব। পাশাপাশি নারীদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষণে কিশোরী থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক নারীদের বয়সভিত্তিক পুষ্টি চাহিদা, সুষম খাদ্য গ্রহণ, ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং শিশুদের সঠিক যত্ন ও পুষ্টি নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া দৈনন্দিন খাদ্যাভ্যাসে স্থানীয় ও সহজলভ্য পুষ্টিকর খাবারের গুরুত্ব এবং পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য বজায় রাখতে নারীদের ভূমিকা তুলে ধরা হয়। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী নারীরা অর্জিত স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক জ্ঞান নিজেদের পরিবার, কর্মক্ষেত্রে এবং সমাজের অন্যান্য নারীর মধ্যে ছড়িয়ে দিতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft