Wednesday, October 28, 2026
সিরাজগঞ্জে ইজিবাইক চালকদের পুষ্টিবিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ দিল বারটান
27, Oct 2026 | ফোকাস

মোঃ গোলাম আরিফ:সুস্থ জীবনযাপন, সুষম খাদ্য গ্রহণ এবং পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জে ইজিবাইক চালকদের নিয়ে পুষ্টিবিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জ এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ পরিচালনা করেন বারটান সিরাজগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এ মজিদ মন্ডল এবং সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব সাদ্দাম হোসেন ও জনাব মশিউর রহমান।

প্রশিক্ষণে ইজিবাইক চালকদের দৈনন্দিন খাদ্যাভ্যাস, সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ, নিরাপদ খাদ্যাভ্যাস এবং সুস্বাস্থ্য বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কর্মব্যস্ত জীবনে পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব, অপুষ্টি প্রতিরোধ এবং পুষ্টিসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলার বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়।

প্রশিক্ষণে বক্তারা বলেন, সুস্থ ও কর্মক্ষম জীবনযাপনের জন্য সুষম খাদ্য গ্রহণের বিকল্প নেই। ইজিবাইক চালকেরা দীর্ঘ সময় কর্মক্ষেত্রে ব্যস্ত থাকায় অনেক সময় নিয়মিত ও পুষ্টিকর খাবার গ্রহণের বিষয়টি উপেক্ষা করেন। ফলে তাঁদের মধ্যে পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের মাধ্যমে নানা ধরনের পুষ্টিঘাটতি ও স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব। বক্তারা আরও বলেন, ব্যক্তিগত সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি পরিবারের সদস্যদের মধ্যেও পুষ্টিবিষয়ক সচেতনতা ছড়িয়ে দিতে হবে। এ ক্ষেত্রে পুষ্টিসমৃদ্ধ খাবার নির্বাচন, পরিমিত খাদ্য গ্রহণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ইজিবাইক চালকেরা পুষ্টিবিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে ধারণা লাভ করেন। এ ধরনের প্রশিক্ষণ সাধারণ মানুষের মধ্যে পুষ্টিসচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

বারটান দেশের মানুষের পুষ্টিমান উন্নয়ন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং পুষ্টিবিষয়ক জ্ঞান সম্প্রসারণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে পুষ্টিবিষয়ক তথ্য পৌঁছে দিতে এ ধরনের সচেতনতামূলক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft