মোঃ গোলাম আরিফ:দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি রেমিট্যান্স। প্রবাসে কর্মরত রেমিট্যান্স যোদ্ধারা তাঁদের শ্রম, মেধা ও ঘামের বিনিময়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁদের সুস্বাস্থ্য, পুষ্টি সচেতনতা এবং নিরাপদ জীবনযাপন নিশ্চিত করার লক্ষ্যে সিরাজগঞ্জে দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ০৯ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জের ব্যবস্থাপনায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। দিনব্যাপী প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামুন খান; বারটান সিরাজগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এ মজিদ মন্ডল এবং সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান ও সাদ্দাম হোসেন।
প্রশিক্ষকবৃন্দ তাদের আলোচনায় বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে রেমিট্যান্স যোদ্ধাদের অবদান অনস্বীকার্য। কিন্তু কর্মক্ষেত্রে নানা প্রতিকূলতা ও ব্যস্ততার কারণে অনেক সময় তাঁরা নিজেদের স্বাস্থ্য সুরক্ষার প্রতি যথাযথ গুরুত্ব দিতে পারেন না। তাই তাঁদের মধ্যে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। তাঁদের সুস্বাস্থ্য, পুষ্টি সচেতনতা এবং নিরাপদ জীবনযাপন নিশ্চিত করার লক্ষ্যে এ রকম প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সুস্থ ও কর্মক্ষম প্রবাসী কর্মীরাই পরিবার, সমাজ এবং দেশের অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে সক্ষম হবেন। প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টি ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অর্জিত জ্ঞান পরিবার ও সমাজের অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
প্রশিক্ষণে সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ, নিরাপদ খাদ্যাভ্যাস, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, পুষ্টিহীনতা প্রতিরোধ, অসংক্রামক রোগের ঝুঁকি হ্রাস এবং সুস্থ জীবনযাপনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া প্রবাসজীবনের কর্মব্যস্ততা ও প্রতিকূল পরিবেশের মধ্যেও কীভাবে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলা যায় এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো মেনে চলা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।