মোঃ গোলাম আরিফ: শিশুদের সুস্থ-সবলভাবে বেড়ে ওঠা, শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে শিশুদের নিরাপদ খাদ্য ও পুষ্টিবিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর ২০২৬ সিরাজগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এনায়েতপুরের গার্ডেন্স হাই স্কুলে এ আলোচনা সভার আয়োজন করেন। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), সিরাজগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এ মজিদ মন্ডল। সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্যানিটারি ইন্সপেক্টর এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, শিশুর শারীরিক বৃদ্ধি, মেধা বিকাশ, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি এবং কর্মক্ষম ভবিষ্যৎ গড়ে তুলতে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাবারের গুরুত্ব অপরিসীম। শিশুরা প্রতিদিন কী ধরনের খাবার গ্রহণ করছে, খাবার কতটা নিরাপদ এবং তাতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে কি না এসব বিষয়ে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশেষভাবে সচেতন হতে হবে। শুধু পর্যাপ্ত পরিমাণে খাবার গ্রহণ করলেই পুষ্টির চাহিদা পূরণ হয় না বরং খাদ্য তালিকায় শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও আঁশের সঠিক সমন্বয় থাকা জরুরি।
বক্তারা আরো বলেন, পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি শিশুদের নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করে তোলা জরুরি। খাবার গ্রহণের আগে সাবান দিয়ে হাত ধোয়া, বিশুদ্ধ পানি পান করা, ফলমূল ও শাকসবজি ভালোভাবে পরিষ্কার করা এবং অস্বাস্থ্যকর খাবার পরিহারের মতো ছোট ছোট অভ্যাস শিশুদের বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সচেতনতা এবং ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনা সভা থেকে শিশুদের নিরাপদ খাদ্য ও পুষ্টিবিষয়ক সচেতনতা শুধু শিক্ষাপ্রতিষ্ঠানেই সীমাবদ্ধ না রেখে পরিবার, সমাজ ও সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ খাদ্যবান্ধব পরিবেশ গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, পুষ্টিবিদ ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।