Friday, October 16, 2026
সিভাসু’তে দুগ্ধজাত পণ্য তৈরির প্রশিক্ষণ নিলেন ২৫ খামারি
16, Oct 2026 | ফারমার্স এন্ড ফার্মিং

সিভাসু প্রতিনিধি:দুধ থেকে দই, মাখন, ঘি, পনির, মাঠা, লাবাং, লাচ্ছি, রসগোল্লা এবং রসমালাইসহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ নিয়েছেন ২৫ জন দুগ্ধ খামারি। দুগ্ধ খামারিদের দক্ষতা বৃ্দ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১১-১৫ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।    

সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের অর্থায়নে সিভাসু’র পোল্ট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিআরটিসি) এবং ডেইরি অ্যান্ড পোল্ট্রি সাইন্স বিভাগ যৌথভাবে পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।    

আজ সকাল সাড়ে ১০টায় সিভাসু’র প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘দু্গ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ’ শীর্ষক উক্ত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো: সেলিম ফকির, এনডিসি এবং উপস্থিত ছিলেন দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের পরিচালক তোফায়েল আহম্মদ। সভাপতিত্ব করেন সিভাসু’র পরিচালক (পিআরটিসি) প্রফেসর ড. এ. কে. এম. হুমায়ুন কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভাসু’র প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. মো: ইনকেয়াজ উদ্দিন। 

দুধের বহুমুখী ব্যবহার, মূল্য সংযোজন, মানসম্মত দুগ্ধজাত পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দুগ্ধ খামারিদের আর্থসামাজিক উন্নয়নে এই প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অনুষ্ঠানে বক্তরা আশাবাদ ব্যক্ত করেন। 

দুগ্ধ খামারিদের প্রশিক্ষণ প্রদান করেন সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, পিআরটিসি’র পরিচালক প্রফেসর ড. এ. কে. এম. হুমায়ুন কবির, ডেইরি অ্যান্ড পোল্ট্রি সাইন্স বিভাগের প্রধান প্রফেসর ড. মো: সাইফুল বারী ও প্রভাষক ডা. উম্মে সালমা আমিন, দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের পরিচালক তোফায়েল আহম্মদ, চট্টগ্রাম জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ওমর ফারুক, সিভাসু’র প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. মো: ইনকেয়াজ উদ্দিন এবং সিনিয়র টেকনিক্যাল অফিসার মো: আকতার ফারুক।   

প্রশিক্ষণে হাটহাজারী, কুমিল্লা ও মীরসরাই অঞ্চলের ২৫ জন দুগ্ধ খামারি অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয়।  

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft