Saturday, September 05, 2026
স্মৃতিচারণ ও মিলনমেলায় মুখর শেকৃবির সৌহার্দ্য-৪৯ ব্যাচের পুনর্মিলনী"
04, Sep 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

ক্যাম্পাস প্রতিনিধি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ৪৯তম ব্যাচ ‘সৌহার্দ্য-৪৯’-এর পুনর্মিলনী অনুষ্ঠান ‘রিইউনিয়ন-২০২৬’। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলার সম্মেলন কক্ষে আয়োজিত এ পুনর্মিলনী অনুষ্ঠানের সূচনা হয় ৪৯তম ব্যাচের শিক্ষার্থী হাসান ওয়ারেসুল কবীর-এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরে প্রয়াত সহপাঠীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ড. মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৌহার্দ্য-৪৯ ব্যাচ পুনর্মিলনী উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. নাজনীন সুলতানা।

পুনর্মিলনীতে দীর্ঘদিন পর একত্রিত হয়ে সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ, পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং পুরোনো বন্ধুত্বের বন্ধনকে নতুন করে দৃঢ় করার সুযোগ পান। প্রাণবন্ত অংশগ্রহণ, স্মৃতিচারণ, আড্ডা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ পুনর্মিলনীর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশে কৃষি, শিক্ষা, গবেষণা, প্রশাসন ও বিভিন্ন পেশাগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও সুদৃঢ় করতে এ ধরনের পুনর্মিলনী গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রাক্তন শিক্ষার্থীদের সক্রিয় সম্পৃক্ততা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি প্রত্যাশা করি।”  তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে দৃঢ় সম্পর্ক গড়ে উঠলে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সৌহার্দ্য-৪৯ ব্যাচের বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী সপরিবারে অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা, শুভেচ্ছা বিনিময় এবং মধ্যাহ্নভোজসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্তরিকতা, সৌহার্দ্য ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft