Monday, November 23, 2026
শ্রীমঙ্গলে সার সুপারিশ কার্ড বিতরণ ও ভেজাল সার শনাক্তকরণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
22, Nov 2026 | ফারমার্স এন্ড ফার্মিং

এগ্রিলাইফ২৪ ডটকম: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সার সুপারিশ কার্ডের ব্যবহার, ভেজাল সার শনাক্তকরণ, মাটি পরীক্ষার গুরুত্ব ও সুষম সার ব্যবস্থাপনা বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার (MSTL) সুরমা ও বিভাগীয় গবেষণাগার সিলেটের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে মাটি পরীক্ষাভিত্তিক সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাসান আহম্মদ খান চৌধুরী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিভাগীয় গবেষণাগার, সিলেট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসার জনাব মো. আলাউদ্দিন। সভাপতি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটকে ধন্যবাদ জানান শ্রীমঙ্গল উপজেলায় ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণার সুরমার কার্যক্রম পরিচালনার জন্য এবং চাষিদের মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করতে উৎসাহিত করেন এবং সকলকে ধন্যবাদ দেন।

প্রশিক্ষণে প্রধান অতিথি জনাব হাসান আহম্মদ খান চৌধুরী কৃষকদের সামনে ভেজাল সার শনাক্তকরণের বিভিন্ন পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করেন। এ সময় তিনি ভেজাল সার চেনার বিষয়ে কৃষকদের বাস্তব ধারণা প্রদান করেন এবং সার কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।

সার সুপারিশ কার্ডের ব্যবহার ও প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন কৃষিবিদ মো. হাফিজুল ইসলাম, টিম লিডার, MSTL সুরমা। মাটি পরীক্ষার গুরুত্ব, মাটির পুষ্টি উপাদানের সঠিক ব্যবস্থাপনা এবং ফসলের চাহিদা অনুযায়ী সুষম সার প্রয়োগের বিষয়ে আলোচনা করেন কৃষিবিদ কে. এম. নাজমুল, টিম সদস্য, MSTL সুরমা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষিবিদ মো. আবুল বাশার, টিম সদস্য, MSTL সুরমা ও বৈজ্ঞানিক কর্মকর্তা, বিভাগীয় গবেষণাগার, ময়মনসিংহ।

বক্তারা প্রশিক্ষণে কৃষকদের মাটি পরীক্ষার মাধ্যমে জমির প্রকৃত পুষ্টি চাহিদা নিরূপণ করে সঠিক মাত্রায় সার ব্যবহারে উদ্বুদ্ধ করেন এবং মাটির স্বাস্থ্য সুরক্ষায় আরও বেশি সচেতন হওয়ার আহবান জানান। উৎপাদন খরচ কমানো, ফসলের ফলন বৃদ্ধি, সারের অপচয় রোধ এবং মাটির দীর্ঘমেয়াদি উর্বরতা ও স্বাস্থ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

কৃষকরা এ ধরনের প্রশিক্ষণ, ভেজাল সার শনাক্তকরণের ব্যবহারিক প্রদর্শনী এবং মাটি পরীক্ষাভিত্তিক সার সুপারিশ কার্ড পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft