Tuesday, October 13, 2026
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে সিকৃবি ভিসির সৌজন্য সাক্ষাৎ
12, Oct 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

সিকৃবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এসময় ভিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ্য সহযোগী হিসেবে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর নেতৃত্বে দেশের নতুন অগ্রগতির সূচনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এ ছাড়া বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সাক্ষাৎকালে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি শিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষি খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গবেষণালব্ধ জ্ঞানের কার্যকর প্রয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও ত্বরান্বিত করতে হবে। কৃষিতে দক্ষ জনশক্তি তৈরি করতে মাধ্যমিক শিক্ষা স্তরেই জীবনমুখী ও প্রায়োগিক শিক্ষা অন্তর্ভুক্ত করা উচিত। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। বিদেশে কর্মমুখী পেশায় শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রি নয় বরং আন্তর্জাতিক ভাষার দক্ষতা ও প্রায়োগিক জ্ঞানের ওপর জোর দিতে হবে। এসময় তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের বিষয়ে আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে ভিসি প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দেশের উচ্চশিক্ষা, কৃষি গবেষণা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft