Thursday, September 17, 2026
সতর্কতা, উদ্ধার ও নিরাপদ আশ্রয় হাতিয়ায় স্বেচ্ছাসেবকদের হাতে-কলমে প্রস্তুতি
16, Sep 2026 | ফোকাস

এগ্রিলাইফ২৪ ডটকম:দুর্যোগের সময় দ্রুত সাড়া দেওয়া, আগাম সতর্কবার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া, ঝুঁকিতে থাকা মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে সহায়তা করা এবং জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো এসব বিষয়ে প্রস্তুতি নিলেন নোয়াখালীর হাতিয়ার ৩০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক।

ইভিসিআর প্রকল্পের আওতায় আয়োজিত দুই দিনব্যাপী দুর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণে অংশ নেন চর ঈশ্বর ইউনিয়ন, চর কিং ইউনিয়ন ও হাতিয়া পৌরসভার স্বেচ্ছাসেবকেরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হাতিয়ার দ্বীপ উন্নয়ন সংস্থার প্রশিক্ষণকক্ষে শুরু হওয়া এ প্রশিক্ষণ বুধবার (১৬ সেপ্টেম্বর) শেষ হয়।

দুই দিনের প্রশিক্ষণে দুর্যোগ প্রস্তুতি, আগাম সতর্কবার্তা, আগাম পদক্ষেপ, দুর্যোগ ব্যবস্থাপনা চক্র, অনুসন্ধান ও উদ্ধার এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। দুর্যোগের সময় মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে কাদের অগ্রাধিকার দিতে হবে এবং কীভাবে দ্রুত ও সমন্বিতভাবে কাজ করতে হবে, সে বিষয়েও স্বেচ্ছাসেবকদের ধারণা দেওয়া হয়।

বিশেষভাবে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী ব্যক্তিসহ অধিক ঝুঁকিতে থাকা মানুষের নিরাপত্তা ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার বিষয়টি প্রশিক্ষণে তুলে ধরা হয়। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির ভূমিকা এবং দুর্যোগের আগে, দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে স্থানীয় স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা হয়।

প্রশিক্ষণের প্রথম দিনে হাতিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান দুর্যোগের আগাম সতর্কবার্তা, আগাম পদক্ষেপ এবং দুর্যোগ মোকাবিলায় বর্তমান প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন। তিনি স্থানীয় পর্যায়ে সময়মতো সঠিক সতর্কবার্তা পৌঁছে দেওয়া এবং প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে দুর্যোগ-পরবর্তী বিভিন্ন সরকারি সহায়তার বিষয়েও বিস্তারিত তুলে ধরেন।

প্রশিক্ষণের দ্বিতীয় দিনে দুর্যোগ ব্যবস্থাপনা চক্র, অনুসন্ধান ও উদ্ধার এবং জরুরি পরিস্থিতিতে নিরাপদে স্থানান্তরের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

আয়োজকেরা জানান, দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবকেরাই অনেক ক্ষেত্রে মানুষের সবচেয়ে কাছাকাছি থেকে কাজ করেন। তাই দুর্যোগের আগে প্রস্তুতি, সময়মতো সতর্কবার্তা পৌঁছে দেওয়া, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং দুর্যোগ-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে তাঁদের জ্ঞান ও সক্ষমতা বাড়ানো এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য।

স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় নোয়াখালীর হাতিয়ায় ইভিসিআর প্রকল্প বাস্তবায়ন করছে নজরুল স্মৃতি সংসদ -এনএসএস ও পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক প্রান।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft