মোঃ গোলাম আরিফ:পাবনার সুজানগরে সুস্বাস্থ্য অর্জন ও পুষ্টিসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক’ ০৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জ ৫ নভেম্বর ২০২৬ সুজানগর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বারটান এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) হায়দার জাহান ফারাস। সভাপতিত্ব করেন বারটান সিরাজগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এ মজিদ মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ জাহিদ হোসেন ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টিসচেতনতার বিকল্প নেই। সুস্বাস্থ্য ও সুন্দর জীবনযাপনের জন্য সঠিক পুষ্টি সম্পর্কে জ্ঞান ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে একজন ব্যক্তি সুষম খাদ্যের ধারণা, পুষ্টিকর খাবার নির্বাচন, নিরাপদ খাদ্য গ্রহণ এবং বয়স ও শারীরিক চাহিদা অনুযায়ী সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার বিষয়ে বাস্তবসম্মত জ্ঞান অর্জন করতে পারেন। এ ধরনের প্রশিক্ষণ অপুষ্টি প্রতিরোধ, পুষ্টিজনিত রোগের ঝুঁকি হ্রাস এবং সুস্থ ও কর্মক্ষম জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা আরো বলেন, ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ শুধু ব্যক্তিগত সুস্বাস্থ্য নিশ্চিত করার মাধ্যম নয়; বরং পুষ্টিসমৃদ্ধ পরিবার, সচেতন সমাজ এবং সুস্থ, মেধাবী ও কর্মক্ষম ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এ ক্ষেত্রে অর্জিত জ্ঞান পরিবার ও সমাজের অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান তাঁরা।
০৩ দিনব্যাপী ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণে খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক মৌলিক ধারনা; মুখ্য ও গৌণ পুষ্টি উপাদানের কাজ, উৎস ও প্রয়োজনীয় পরিমাণ; সুষম খাদ্য ও খাদ্যে পুষ্টিমান; বসত বাড়িতে শাক সবজি ও ফলের চাষ; পুষ্টি উন্নয়নে মাছের চাষ; বড়ির আঙ্গিনায় হাঁস-মুরগী ও গবাদি পশু পালন; পরিবেশ ও স্বাস্থ্য উন্নয়নে বনজ ও ভেষজ গাছের ভূমিকা; নিরাপদ খাদ্য ও পরিস্কার-পরিচ্ছন্নতা পুষ্টি সম্মত উপায়ে খাদ্য প্রস্তুতকরণ ও রন্ধন পদ্ধতি; পারিবারিক পর্যায়ে খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ; অপুষ্টিজনিত রোগ, রোগের লক্ষণ, কারণ ও প্রতিকার; প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা/পুষ্টি নির্দেশাবলী; পুষ্টি উন্নয়নে নারীর ভূমিকাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করা হয়।
০৩ দিনব্যাপী ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণে সুজানগর উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।