Wednesday, November 04, 2026
সুজানগরে সুস্বাস্থ্য ও পুষ্টিসচেতনতা বৃদ্ধিতে ০৩ দিনব্যাপী ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
04, Nov 2026 | ফোকাস

মোঃ গোলাম আরিফ:পাবনার সুজানগরে সুস্বাস্থ্য অর্জন ও পুষ্টিসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক’ ০৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জ ৩-৫ নভেম্বর ২০২৬ সুজানগর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলে এ প্রশিক্ষণের আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আলমগীর হোসেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইফুল ইসলাম ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পুষ্টির জ্ঞান কাজে লাগিয়ে দৈনন্দিন জীবনে সঠিক ও সুষম খাদ্য নির্বাচন এবং গ্রহণের বাস্তব প্রক্রিয়াকে ফলিত পুষ্টি বলা হয়। সহজ কথায়, এটি হলো খাদ্যভিত্তিক পুষ্টি। সুস্বাস্থ্য ও সুন্দর জীবনযাপনের জন্য পুষ্টিকর ও সুষম খাদ্যের কোনো বিকল্প নেই। সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টিসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে খাদ্য উৎপাদন, নিরাপদ খাদ্য গ্রহণ এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ে তোলার মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। বক্তারা আরও বলেন, পুষ্টি শুধু খাদ্য গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং খাদ্যের গুণগত মান, বৈচিত্র্য, নিরাপদ উৎপাদন, রন্ধন প্রণালী ও সঠিক খাদ্যাভ্যাসের সঙ্গে সুস্বাস্থ্যের বিষয়টি গভীরভাবে সম্পৃক্ত। এ ধরনের প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের পুষ্টিবিষয়ক জ্ঞান সমৃদ্ধ করার পাশাপাশি বাস্তব জীবনে সেই জ্ঞান কাজে লাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো সুস্বাস্থ্য নিশ্চিত করতে পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং দৈনন্দিন জীবনে পুষ্টিবিষয়ক জ্ঞান ও প্রযুক্তির কার্যকর প্রয়োগ সম্পর্কে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি করা। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ কর্মক্ষেত্র ও সমাজে কাজে লাগিয়ে পুষ্টিসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবেন। পাশাপাশি সুস্বাস্থ্য নিশ্চিতকরণ ও পুষ্টিসমৃদ্ধ জীবনযাপনে অন্যদের উদ্বুদ্ধ করবেন বলে বারটান আশা প্রকাশ করেন । ০৩ দিনব্যাপী ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণে সুজানগর উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft