Wednesday, September 16, 2026
“সুনামগঞ্জ ও সিলেট জেলায় বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ ও বিদ্যমান শস্যবিন্যাসে অন্তর্ভুক্তিকরণ" শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
15, Sep 2026 | ফারমার্স এন্ড ফার্মিং

মো. জুলফিকার আলীঃবাংলাদেশ কৃষি পরমাণু গবেষণা ইনস্টিটিউট (বিনা), সুনামগঞ্জ এর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট এর সহযোগিতায় বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে সুনামগঞ্জ ও সিলেট জেলায় বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহের সম্প্রসারণ এবং বিদ্যমান শস্যবিন্যাসে অন্তর্ভূক্তিকরণে করণীয় শীর্ষক ‘আঞ্চলিক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। 

আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬ রোজ মঙ্গলবার দিনব্যাপী এফআইভিডিবি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ এর অডিটরিয়ামে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহস্থ বিনা’র পরিচালক (গবেষণা) ড. মাহবুবা কানিজ হাসনা। প্রধান অতিথির বক্তব্যে বলেন- বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এ পর্যন্ত ২২টি ফসলের ১৩৯টি জাত উদ্ভাবন করেছে, এর মধ্যে উচ্চ পুষ্টিগুণসম্পন্ন ৯৬ টি  জাত রয়েছে। সিলেট অঞ্চলে বিনা ধান৭,বিনা ধান১৭, বিনা ধান২৪, বিনা ধান২৫ এবং বিনা সরিষা৯, বিনা সরিষা১১, বিনা চিনাবাদামসহ চাষাবাদ হচ্ছে। বিনা উদ্ভাবিত এসব ফসল বিদ্যমান শস্যবিন্যাসে অন্তর্ভূক্তিকরণ এবং কৃষকদের সুবিধার্থে অধিক ফলন পেতে এসব প্রযুক্তি ও জাত মাঠ পর্যায়ে আরো বেশি সম্প্রসারণ করা প্রয়োজন। কৃষির অনেক উন্নয়ন হয়েছ সামনে সেই ধারা বজায় রাখতে সবাইকে একত্রে কাজ করতে হবে।  

তিনি বলেন, বিনা উদ্ভাবিত জাতগুলোর বিশেষ বৈশিষ্ট আছে। বিনার অনেকগুলো জাত মাঠ পর্যায়ে ব্যাপক সাড়া পেয়েছে এবং কৃষকরাও বেশ উপকৃত হচ্ছে। তিনি বিনা উদ্ভাবিত এসব জাত ও প্রযুক্তি বিষয়ে বিজ্ঞানী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের একত্রে কাজ করারও আহ্বান জানান। 
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও বিনা'র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের এসও মো. ফরহাদ হোসেনের সঞ্চলনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক এবং সিএসও  ড. মোহাম্মদ আশিকুর রহমান। 

সিলেট অঞ্চলে বিনা ও গবেষণা কার্যক্রমের  অগ্রগতি বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন-বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক এবং সিএসও  ড. মো. মাহবুবুল আলম তরফদার। ডিএই সুনামগঞ্জ ও সিলেট জেলার ২০২৫-২৬ অর্থ বছরের বিনা’র জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ পর্যায়ে বাস্তবানের অগ্রগতির তথ্য উপস্থাপন করা হয়। 

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সিনিয়র প্রোগ্রাম স্পেশালিষ্ট প্রফেসর ড. মো. আব্দুল কাদির; সিলেট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর অধ্যক্ষ কৃষিবিদ সুব্রত কুমার চক্রবর্ত্তী; সিলেট অঞ্চলে বীজ প্রত্যয়ন এজেন্সীর আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মো. সামছুদ্দিন আহমদ; সুনামগঞ্জ উপকেন্দ্র বিনা’র বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মানিক। 

দিনব্যাপী কর্মশালায় সিলেট অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সুনামগঞ্জ ও সিলেট জেলার ডিএই, কৃষি তথ্য সার্ভিস, বারি, ব্রি, বিনা, এসআরডিআই, বীজ প্রত্যয়ন এজেন্সি, অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ও কৃষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft